এডওয়ার্ড স্নোডেনকে নিয়ে সিনেমা
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর সাবেক এজেন্ট এডওয়ার্ড স্নোডেনকে এবার দেখা যাবে রূপালি পর্দায়। ব্রিটিশ দৈনিক ‘দ্য গার্ডিয়ান’-এর সাংবাদিক লুক হার্ডিংয়ের লেখা একটি বইয়ের উপর ভিত্তি করে এই সিনেমাটি নির্মাণ করবেন অস্কারজয়ী পরিচালক অলিভার স্টোন।
‘দ্য স্নোডেন ফাইলস: দ্য ইনসাইড স্টোরি অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ওয়ান্টেড ম্যান’— এই বইটির স্বত্ব সম্প্রতি কিনে নিয়েছেন স্টোন এবং তার সিনেমার প্রযোজক মরটিজ বোরম্যান।
সম্প্রতি এক বিবৃতিতে স্টোন বলেন, “আমাদের সময়ের সবচেয়ে আকর্ষণীয় কাহিনিগুলোর মধ্যে এটি হল অন্যতম। একটি সত্যিকারের চ্যালেঞ্জ, ‘গার্ডিয়ান’ পত্রিকার সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত।”
‘স্যাভেজেস’-খ্যাত পরিচালক স্টোন হলিউডে কাজ করছেন সত্তরের দশক থেকে। ‘মিডনাইট এক্সপ্রেস’, ‘প্লাটুন’এবং ‘বর্ন অন দ্য ফোর্থ অফ জুলাই’ নির্মাণ করে তিনবার অস্কার জিতেছেন এই নির্মাতা।
আল প্যাচিনোর বিখ্যাত সিনেমা ‘স্কারফেস’-এর চিত্রনাট্যও লিখেছিলেন স্টোন।
তবে স্নোডেনকে নিয়ে নির্মিত এই সিনেমার কাজ এখনও রয়েছে প্রাথমিক পর্যায়ে, তাই এখনও নির্ধারিত হয়নি কোনো কলাকুশলী।
