ভেতরে জলসা, বাইরে লাঠিচার্জ
দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপাজয়ী কলকাতা নাইট রাইডার্সের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হয় তারকাদের মিলনমেলায়। দেরিতে হলেও ইডেন গার্ডেন্সে এসে পৌঁছানো কেকেআরের মালিক শাহরুখ খান। আগে থেকেই মাঠে ছিলেন আরেক মালিক জুহি চাওলা। উত্তরবঙ্গ সফর সংক্ষিপ্ত করে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।
জয়োৎসবে শামিল হতে সকাল থেকেই ঢল নামে জনতার। মাঠের বাইরে জমা হওয়া লাখ লাখ মানুষকে সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশকে। দুপুর একটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও ভক্তদের ভিড় সামলাতে সামলাতে বেজে যায় দুপুর দুটো। লাঠি চার্জও করতে হয়েছে পুলিশকে। যারা টিকেট পেয়েছেন তাদের অনেকেই ভেতরে ঢুকতে পারেননি মাঠের সবগুলো ফটক বন্ধ হয়ে যাওয়ায়। ইডেনে বিশৃঙ্খলার এই ঘটনায় অসন্তুষ্ট মমতা ঘোষণা করেছেন পরের বার কেকেআর চ্যাম্পিয়ন হলে সংবর্ধনার আয়োজন করা হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।
শাহরুখ পৌঁছানোর আগেই অবশ্য ছাদখোলা জিপে করে মাঠে কেকেআরের সদস্যদের ভিক্টরি ল্যাপ দেওয়া হয়ে গেছে। মমতা বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আইসিসির সাবেক সভাপতি এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বর্তমান সভাপতি জাগমোহান ডালমিয়া ক্রিকেটারদের সবাইকে পরিয়ে দেনে এক ভরি ওজনের সোনার আংটি। এছাড়া রাজ্যের তরফ থেকে দেওয়া হয় স্যুট, টাই, মুখ্যমন্ত্রীর পছন্দের রংয়ের নীল-সাদা শার্ট। সঙ্গে থাকছে উত্তরীয় আর সন্দেশ।
শাহরুখের আসার পর শুরু হয় কেক কাটার আনুষ্ঠানিকতা। কেকেআর অধিনায়ক গৌতম গাম্ভির, জুহি চাওলা এবং মমতাকে সঙ্গে নিয়ে কেক কাটেন শাহরুখ। সবাইকে নিয়ে আইপিএল ট্রফি হাতে ছবিও তোলেন তিনি।
দুপুরের মধ্যেই মাঠে উপস্থিত থাকার কথা ছিল শাহরুখের। কিন্তু মুম্বাই থেকে কলকাতাগামী ফ্লাইট ছাড়তে দেরি হওয়ায় তার এই দেরি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্ষমা চেয়ে টুইট করেন শাহরুখ। বাংলাদেশ সময় তিনটা পঞ্চাশে করা তার সর্বশেষ টুইটে তিনি জানান কলকাতার মাটিতে পা রেখেছেন তিনি।
“কলকাতায় ইডেনের দিকেই যাচ্ছি। সবাইকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। ফ্লাইট ডিলের কারণেই এত দেরি হচ্ছে। আর বিশ মিনিটের মধ্যেই পৌঁছে যাব আশা করি।”
শাহরুখের অনুপস্থিতিতেও অবশ্য উচ্ছ্বাসের কমতি ছিলনা উৎসব প্রাঙ্গনে। টালিউডের শীর্ষ তারকারা ছিলেন ইডেনের মাঠে।
দুপুর আড়াইটায় শুরু হয় বিচিত্রানুষ্ঠান। মঞ্চে তখন উপস্থিত প্রসেনজিৎ, শ্রাবন্তি, সোহাম আর রুদ্রনীল। দর্শকসারিতে আরও আছেন ছোটপর্দার বহু তারকা।
এর আগে দুপুর ১২টা থেকেই কেকেআরের থিম সং ‘করব লড়ব জিতব রে’ গেয়ে দর্শক মাতিয়েছেন উষা উত্থুপ, অনীকসহ আরও অনেক সংগীতশিল্পী।
রোববার আইপিএল ২০১৪-এর ফাইনালে ‘কিংস ইলেভেন পাঞ্জাব’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। বেঙ্গালুরুর চিন্নসোয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালে কেকেআর ৩ উইকেটের জয় পায়।
ওই রাতেই রাজ্যের উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কেকেআরকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করছে রাজ্য সরকার, কলকাতা পুলিশ, কলকাতা মিউনিসিপাল করপোরেশন এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (ক্যাব)।
