২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দিতে ‘দ্য ইনটাচেবলস’

ফরাসি কমেডি-ড্রামা মুভি ‘দ্য ইনটাচেবলস’ এবার নির্মিত হতে যাচ্ছে ভারতে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ খবর নিশ্চিত করেছেন নির্মাতা-প্রযোজক কারান জোহার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 03:14 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

‘আশিকি টু’ খ্যাত নির্মাতা মোহিত সুরির পরিচালনায় এটি যৌথভাবে প্রযোজনা করবে কারানের ধার্মা প্রোডাকশনস।

সম্প্রতি কারান টুইট করেন, “গুনিত মঙ্গা (সিখ্যা এন্টারটেইনমেন্ট) এবং ধার্মা প্রোডাকশনস যৌথভাবে প্রযোজনা করবে ‘দ্য ইনটাচেবলস’-এর হিন্দি রিমেইক, যা পরিচালনা করবেন মোহিত সুরি।”

২০১১ সালে মুক্তি পায় ফরাসি ভাষার সিনেমা ‘দ্য ইনটাচেবলস’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার কাহিনি গড়ে উঠেছে এক সম্ভ্রান্ত ধনীকে নিয়ে। দুর্ঘটনায় অবশ হয়ে যায় তার শরীরের নিচের অংশ। সাহায্যের জন্য এক কৃষ্ণাঙ্গকে নিয়োগ করেন তিনি।

বিশ্বব্যাপী বক্স অফিসে ব্যাপক সাড়া পায় ‘দ্য ইনটাচেবলস’। এছাড়া ফ্রান্সের বক্স অফিস ইতিহাসে এ পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এটি।

সে বছর ফ্রান্সের জাতীয় পুরস্কার সিজার অ্যাওয়ার্ডসের আসরে আটটি বিভাগে মনোনীত হয় ‘দ্য ইনটাচেবলস’। এতে অভিনয় করেছেন ফ্রাঁসোয়া ক্লুজেত এবং ওমার সাই। সেরা অভিনেতা হিসেবে সিজার অ্যাওয়ার্ড জিতে নেন সাই।

এর আগে জুলিয়া রবার্টস অভিনীত মার্কিন সিনেমা ‘স্টেপমমে’র হিন্দি রিমেক নির্মাণ করা হয়েছিলো ধার্মা প্রোডাকশনসের ব্যানারেই। অর্জুন রামপাল, কাজল এবং কারিনা কাপুর খান অভিনীত ‘উই আর ফ্যামিলি’ পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা।