আরও গভীর থেকে ‘জলের গান’
স্বতন্ত্র ধারার গানের জন্য পরিচিত গানের দল ‘জলের গানে’র দ্বিতীয় অ্যালবাম ‘পাতালপুরের গান’ প্রকাশিত হচ্ছে ১লা জুন।
অ্যালবামটিতে থাকছে নয়টি গান। অধিকাংশ গানের কথা ও সুর রাহুল আনন্দের। থাকছে নাট্যব্যক্তিত্ব অনিমেষ আইচের লেখা একটি গান। জীবনানন্দ দাশের ‘আর নাই কেউ’ ও ‘নৈঃশব্দে ঢেউ’ কবিতা দুটি নিয়ে একটি করে ইন্সট্রুমেন্টাল ট্র্যাক নিয়ে অ্যলবামে মোট ট্র্যাকের সংখ্যা ১১টি।
এছাড়া অ্যালবামটির জন্য বিভিন্ন ক্ষেত্রে ওয়াকিল আহাদ, সেথ পান্ডুরাঙ্গা ব্লুমবার্গ, শিউলি ভট্টাচার্য, বুনো, ভিক্টর ও রাব্বি ভূমিকা রেখেছেন অতিথি হিসেবে।
দ্বিতীয় অ্যালবামেরও মোড়ক উন্মোচিত হচ্ছে ছোট পর্দায়। ১লা জুন দুপুর আড়াইটায় চ্যানেল আইয়ের স্টুডিও লাইভ কনসার্টে অংশ নিচ্ছে দলটি। রাত ১১টায় রেডিও স্বাধীনেও থাকছে আরেকটি প্রকাশনা অনুষ্ঠান।
অ্যালবামটি একইদিন দুপুর থেকেই অনলাইনসহ ফ্যাশন হাউজ দেশাল ও যাত্রার সব প্রদর্শনী কেন্দ্রে পাওয়া যাবে।
গ্লিটজের সঙ্গে কথা বলেছেন দলটির ভোকালিস্ট, পারকাশনিস্ট জার্নাল। তিনি জানান, ‘নাম ঠিক করা নিয়ে আমাদের প্রথা অনুসারে বন্ধু-স্বজনদের কাছে নামকরণে পরামর্শ চাই। এটা কিছুটা দায়বদ্ধতা থেকে করা। আর শ্রোতা-বন্ধুদের অংশগ্রহণের সুযোগও সৃষ্টি হয় এতে।”
“এবারেরটা ‘পাতালপুরের গান’ অর্থ্যাৎ গভীরের গান। অ্যালবামটি আসলে আমাদের পরিপক্কতার কথা, (শেকড়েরও) গভীরে যাওয়ার কথা এবং নিমগ্ন হয়ে নিজের মধ্যে নিজেকে খোঁজার কথা।
জার্নাল আরও জানালেন অ্যালবামের নামের বেলায় স্বকীয়তা বজায় রাখতে চেয়েছেন তারা।
“আমরা মনে করি ওভাবে নাম দিলে শ্রোতাদের সঙ্গে যোগাযোগ করা সহজ হয়ে যায়। আমরাও তো একইভাবে জলের গান ১, ২, ৩ ইত্যাদি শিরোনামে অ্যালবাম বের করতে পারি। তাতে হয় কী, আলাদা করে চেনার উপায় থাকে না। আমাদের বংশ লতিকা, আলাদা করে মানুষ চেনার একটা বিষয় আছে না? আমার একটা আলাদা নাম আছে। তার সঙ্গে বংশের বা বাবা-দাদা ব্যবহৃত নামের একাংশ নামে জুড়ে দিচ্ছি।”
গানের দলটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ২০০৬ সালে। দলের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অতল জলের গান’ প্রকাশিত হয় ২০১৩ সালে।
