২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুমন মুখার্জীকে জিজ্ঞাসাবাদ 

‘হারবার্ট’, 'শেষের কবিতা’ খ্যাত পরিচালক সুমন মুখোপাধ্যায়কে ২৬ মে কোনো অভিযোগ ছাড়াই ২৩ ঘণ্টা থানায় আটকে রাখে কলকাতা পুলিশ। আর এ ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে ভারতের পশ্চিমবঙ্গে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 02:47 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

প্রায় ২৩ ঘণ্টা থানায় আটকে রাখার পর ছেড়ে দেয়া হয় ৪৭ বছর বয়সী এই নির্মাতাকে। হাতে ক্ষত নিয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে হাসপাতালে ভর্তির পরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। শোনা যাচ্ছিল আত্মহত্যার চেষ্টা করেছেন স্বস্তিকা যার সঙ্গে সুমনের ‘সম্পর্ক’ আছে বলে গুজব রয়েছে। যদিও ‘জাতিস্মর’ খ্যাত এই অভিনেত্রী বা তার পরিবারের তরফ থেকে সুমনের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।

২৭ মে সাংবাদিকদের এই পরিচালক জানান, কেবল স্বস্তিকা নয় আরও নানা বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে তাকে।

“থানায় আমাকে অনেক প্রশ্ন করা হয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন কর্মকর্তা আমার সঙ্গে কথা বলেছেন। এমনকি আমার আইনজীবী আমাকে জানান, হয়তোবা গ্রেফতার করা হতে পারে আমাকে। তবে পরে তারা আমাকে ছেড়ে দেন।”

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কলকাতার বুদ্ধিজীবী মহলের অনেকে। শিক্ষাবিদ শাশ্বতী ঘোষের মন্তব্য, পুলিশের এই হয়রানির পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য।

“যখন কোনো অভিযোগ দায়ের করা হয়নি, তখন পুলিশের এরকম হয়রানির পেছনে কারণ কি? যেভাবে রাজনৈতিক কারণে এখন পুলিশকে ব্যবহার করা হচ্ছে, তাতে পুলিশের উপর মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে।”

একই মত দিয়েছেন অভিনেতা কৌশিক সেন।

“সুমনের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, এরপরও তাকে এভাবে আটক করার বিষয়টি অনেকের মনেই প্রশ্ন জাগিয়েছে। তাছাড়া সুমনকে যেসব প্রশ্ন করা হয়েছে, তাতেই বোঝা যায় তাকে আটকে রাখার পেছনে কোনো সঠিক কারণ ছিল না। এর পেছনে অন্য কোন কারণ রয়েছে, তা এখন পরিষ্কার।”

টালিউডের রথী-মহারথীরা যখন ‘দিদি’র জন্য নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এমনকি নিজেরাই নির্বাচনে দাড়িয়ে গেছেন তখন মমতা সরকারের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পিছু হঠেননি সুমন। সম্প্রতি তার একটি সিনেমার ছাড়পত্রও আটকে দেয় সেন্সরবোর্ড।