২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গরমে কাবু মাহি

টানা শুটিং করে অসুস্থ হয়ে পড়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহি। তার অসুস্থতায় বন্ধ হয়ে গেছে পরিচালক সাফিউদ্দিন সাফির ‘হানিমুন’ এবং ‘বিগ ব্রাদার’ সিনেমার শুটিং।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 06:18 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

তবে মাহির অবস্থা ‘গুরুতর নয়’ বলে জানিয়েছেন সাফি।  এখন তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন।

সাফি গত সপ্তাহে রাঙামাটিতে দুটি সিনেমার আউটডোর শুটিং করছিলেন। দুটি সিনেমাতেই প্রধান চরিত্রে অভিনয় করছেন মাহি। রাঙামাটিতে প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রায় শুটিংয়ে প্রায়ই শরীর কিছুটা খারাপ হয়ে পড়লেও খুব একটা পাত্তা না দিয়ে খুব ভোরে সেটে হাজির হতেন মাহি।

এর মধ্যেই একদিন ‘হানিমুন’-এর সেটে ‘মাথা ঘুরে’ পড়ে যান ‘অগ্নি’ খ্যাত এই অভিনেত্রী। সেদিনের মতো সিনেমার শুটিং বন্ধ রাখেন সাফি। প্রাথমিক চিকিৎসার পর মাহিকে নিয়ে পুরো টিম রওনা হয় ঢাকায়। দুটি সিনেমারই আউটডোর শুটিং ‘বাতিল’ করা হয়।

সাফি জানান, বুধবার থেকে বিএফডিসির একটি সেটে তিনি ‘বিগ ব্রাদার’-এর শুটিং শুরু করবেন। এ সিনেমায় মাহির বিপরীতে আছেন নবাগত শিপন মিত্র।

সাফি জানান, এ দুটি সিনেমার পর চলতি বছর ডিসেম্বরে শাকিব খান ও বিদ্যা সিনহা সাহা মিমকে নিয়ে ‘ড্রিম গার্ল’ সিনেমার শুটিং শুরু করবেন।