২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভাগ মিলখা ভাগে’র পর ‘মির্জা সাহিবা’

শত শত বছর ধরে পাঞ্জাবের মানুষের মুখে মুখে ফিরছে যেসব প্রেমের গল্প তার মধ্যে একটি মির্জা আর সাহিবার গল্প। সেই গল্পকেই রুপোলি পর্দায় জীবন্ত করে তোলার সিদ্ধান্ত নিয়েছেন ‘ভাগ মিলখা ভাগ’-খ্যাত পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা।  

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 04:23 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

হরর থ্রিলার ‘আকস’ দিয়ে ক্যারিয়ার শুরু। এরপর বানিয়েছেন ‘রাং দে বাসান্তি’, ‘দিল্লি সিক্স’ এবং সবশেষে ‘ভাগ মিলখা ভাগ’। রাজনৈতিক বক্তব্য সম্বলিত সিনেমা বানাতে পছন্দ করেন যে নির্মাতা, তিনিই সিদ্ধান্ত নিয়েছেন আদ্যোপান্ত প্রেমের এই ছবি বানানোর।

এ বিষয়ে মেহরা বলেন, “ভালোবাসা যুক্তির বাইরের একটি অনুভূতি। আমরা ভালোবাসার কারণ খুঁজতে যাই, কিন্তু কোনোদিনও খুঁজে পাই না। আমার এই সিনেমাটি  শুধু দুটি ছেলেমেয়ের প্রেমের গল্প হবে না, এটি হবে দুটি আত্মার মেলবন্ধনের কাহিনি।”

মির্জা ও সাহিবা চরিত্রে দেখা যাবে দুটি নতুন মুখকে যারা এসেছেন ফিল্মি পরিবার থেকে। নায়কের চরিত্রে মেহরা নির্বাচন করেছেন অনিল কাপুরের ছেলে হার্শবার্ধান কাপুরকে আর নায়িকা চরিত্রে অভিনয় করবেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ঊষা কিরনের নাতনি সাইয়ামি খের। 

পাঞ্জাবের অন্য প্রেমকাহিনি যেমন হির-রাঞ্ঝা ও সোনি-মাহিওয়াল নিয়ে চলচ্চিত্র নিমির্ত হলেও মির্জা-সাহিবাকে নিয়ে হিন্দিতে কোনো ছবি বানানো হয়নি।

তবে মেহরার মির্জা-সাহিবার কাহিনির প্রেক্ষাপট ২০১৫ সালের ভারত। আর সেই সঙ্গে পাঞ্জাব নয়, তারা হবেন রাজস্থানের বাসিন্দা। এ ব্যাপারে পরিচালকের মত, “যখন আমি সিদ্ধান্ত নিলাম এটি আধুনিক প্রেক্ষাপটে তৈরি করব, তখনই আমি ভেবেছি রাজস্থানের কথা। কিন্তু রাজস্থান বলতেই আমি শুধু মরুভূমির কথা ভাবি না। রাজস্থানের নাম শুনলে আমার চোখে ভাসে তাদের সংস্কৃতি।”

আরও জানালেন তার মির্জা ও সাহিবা হবে বিলাতফেরত।

‘মির্জা সাহিবা’র চিত্রনাট্য লিখবেন গুলজার। এর সংগীত পরিচালনার দায়িত্বে থাকবেন শংকর-এহসান-লয়। হার্শবার্ধান এবং সাইয়ামি ছাড়াও এতে অভিনয় করবেন হার্শবার্ধানের বোন সোনাম কাপুর এবং অভিনেত্রী ওয়াহিদা রহমান।

সিনেমাটি ঠিক কবে মুক্তি পাবে, তা এখনও নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরই হলে আসছে সিনেমাটি।