২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুভি রিভিউ: দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান টু

“স্পাইডার-ম্যানের কোন বিষয়টা বেশি পছন্দ? সত্যি বলতে সবকিছু।” নিউ ইয়র্কের আকাশচুম্বী ভবনে মাকড়সার জাল ছুড়তে ছুড়তে কথাটা পিটার পার্কার নিজেই বাতাসে ছুড়ে দিয়েছিলেন।

ওমর শরীফ

বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 03:55 PM

Updated : 13 Oct 2022, 12:08 PM

দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যানের টু ছবির চূড়ান্ত ট্রেইলারের শুরুতেই ছিল এই উক্তি। তবে কি পিটার পার্কার আর স্পাইডার-ম্যান দুজনই একই সত্তা? নাকি আলাদা দুটি চরিত্র?

সত্যি বলতে মার্ভেল কমিকসের এই কাল্পনিক চরিত্রের দ্বিমুখীভাব সবসময়ই ছিল। এমনকি স্যাম রাইমি পরিচালিত স্পাইডার-ম্যানের আগের তিনটি সিনেমাতেও এই ভাব ছিল সুস্পষ্ট। তবে মার্ক ওয়েব মাকড়সা-মানবকে নিয়ে ছবি বানাতে গিয়ে এই সুপারহিরোকে উপস্থাপন করেছেন একটু ভিন্নভাবে।

মানুষ হিসেবে পিটার পার্কার একজন সাধারণ ছাত্র। ‘হিরো’র জনপ্রিয়তা অনুভব করা আর প্রেমিকা গুয়েন স্টেসির সঙ্গ উপভোগ করেই সময় কাটে তার। তবে পার্কার যখন স্পাইডার-ম্যানের মুখোশে ঢাকা পড়ে, তখন তার উপলব্ধি-- নিউ ইয়র্কবাসীদের একমাত্র ত্রাণকর্তা সে।

অবশ্য ভয়ঙ্কর সুপার ডুপার ভিলেনদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মাকড়সা-মানবের উপর ভরসা করা ছাড়া তো আর কোনো উপায় নেই।

ভিলেনের কথাই যখন এল তখন বলতেই হয়, ‘দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান টু’ সিনেমায় ভিলেনের অভাব হবে না।

বিশাল পানিভর্তি জারে রাখা ইলেক্ট্রিক ঈল মাছের মধ্যে পড়ে গিয়ে অজকর্প প্রতিষ্ঠানের কেরানি ম্যাক্স ডিলান রূপান্তরিত হন সুপার ভিলেন ইলেক্ট্রোতে। তার বৈদ্যুতিক রশ্মির ধাক্কা সামলে কোনো রকমে নিউ ইয়র্কবাসীদের রক্ষা করার পরও শেষ হয় না সিনেমা।

সিনেমার দ্বিতীয় ভিলেন গ্রিন গবলিন এসে হাজির। এই গবলিন হচ্ছে অজকর্প প্রতিষ্ঠানের মালিকের ছেলে হ্যারি অজবর্ন। অ্যামেইজিং স্পাইডার-ম্যান সিরিজের প্রথম সিনেমায় দেখানো হয়েছিল অজকর্প প্রতিষ্ঠানের গবেষক ড. কার্ট কনরস জিনতত্ত্ব নিয়ে গবেষণা করতে গিয়ে নিজেই বিশাল গিরগিটিতে রূপান্তরিত হন। তারপর সারাশহর আক্রমণ করে বসেন। তার হাত থেকে নগরবাসীকে রক্ষার করে স্পাইডার-ম্যান।

এবার গিরগিটির পথ ধরে এগিয়ে যায় হ্যারি। বাবার আবিষ্কার করা অত্যাধুনিক গ্লাইড নিয়ে স্পাইডার-ম্যানকে মারতে ছুটে চলে সে।

অবশ্য এখানে পরিচালক ওয়েব কাহিনিতে একটু পরিবর্তন এনেছেন। স্যাম রাইমির স্পাইডার-ম্যান ছবিতে দেখানো হয় বাবা নরম্যান অজবর্নের সূত্র ধরে গ্রিন গবলিন হয় ছেলে হ্যারি অজবর্ন। আর নতুন এই সিনেমায় হ্যারি সরাসরি গ্রিন গবলিনে রূপান্তরিত হন।

এখানেই শেষ নয়, সিনেমার শেষ অংশে স্পাইডার-ম্যানে আরেক শত্রু রাইনো এসে হাজির। সেও অজকর্প প্রতিষ্ঠানের অত্যাধুনিক যুদ্ধাস্ত্র পরেই স্পাইডার-ম্যানকে আক্রমণ করে বসে।

তাহলে দেখা যাচ্ছে যত নষ্টের গোড়া হচ্ছে ওই অজকর্প প্রতিষ্ঠান। সব ভিলেনের উৎপত্তি সেখানে। তবে একটু ভিন্নগল্পও আছে, এই প্রতিষ্ঠানে যে পিটার পার্কারের প্রেমিকাও চাকরি করেন।

অন্যসব সুপার হিরোদের ছবিতে দেখানো হয় প্রেমিকাকে উদ্ধার করতে সুপার হিরোকেই যেতে হয়। সেদিক থেকে এই ছবির প্রেমিকা গুয়েন বেশ অন্যরকম। নিউ ইয়র্ক শহর যখন ইলেক্ট্রোর বিদ্যুতের আঘাতে ধ্বংস হতে বসেছে তখন স্পাইডার-ম্যানকে সাহায্য করে গুয়েন। অবশ্য এর জন্য তাকে খেসারতও দিতে হয়েছে। সেই রহস্য না হয় নাই ভাঙা হল।

তবে শুধু এই প্রশ্নের উত্তর জানার জন্য ‘দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান টু’ দেখার কোনো মানে হয় না। তাহলে কেন দেখবেন এই ছবি?

কারণ আছে অনেকগুলো। প্রথম কারণ সিনেমার অসাধারণ থ্রিডি ভিজুয়ালাইজেশন। সত্যি বলতে, থ্রিডি সিনেমার পুরো স্বাদ যদি নিতে চান, তাহলে অবশ্যই এই সিনেমা দেখতে যেতে হবে রাজধানী বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। বিশাল পর্দাজুড়ে যখন স্পাইডার-ম্যান এক দালান থেকে অন্য দালানে জালের দড়ির জোরে ব্যস্ত নিউ ইয়র্ক শহরের ফাঁক ফোকর গলে ঝুলে ঝুলে এগিয়ে যাবে, তখন মনে হবে আপনি নিজেই বুঝি তার সঙ্গে চলেছেন।

মাকড়সার জাল ছুড়ে একটানে উপরে উঠে যাওয়া তারপর হঠাৎ সুতার প্রান্ত ছেড়ে স্পাইডার-ম্যান যখন নিজেকে শূন্যে ছুড়ে দিয়ে উঁচু থেকে পড়তে থাকবে তখন থ্রিডি চশমার ভেতর দিয়ে অনুভব করবেন আপনিও স্পাইডার ম্যানের সঙ্গে পড়ছেন তো পড়ছেনই। আঁতকে উঠবেন, এই বুঝি বাড়ি খেলেন রাস্তায়, কিন্তু না স্পাইডার-ম্যানের সঙ্গে পল্টি খেয়ে আপনেও উঠে এসেছেন নিউ ইয়র্কের সুউচ্চ কোনো দালানের ছাদে।

দ্বিতীয়টি অবশ্য রোমান্টিক সিনেমাপ্রেমীদের জন্য। স্পাইডার-ম্যানকে নিয়ে আগের সিরিজটি ছিল বেশ নাটকীয় ঘরানার। সেখানেও ম্যারি জেইন-ওয়াটসনের জন্য পিটার পার্কারের প্রেম দেখানো হয়েছিল ভালোভোবেই। তবে, একদশক পরের নতুন এই সিরিজে সদ্য হাইস্কুল শেষ করা জুটি গুয়েন আর পিটারের প্রেম (চরিত্র দুটি রূপদানকারী অ্যান্ড্রু গারফিল্ড ও এমা স্টোন বাস্তবেও প্রেম করছেন) এতটাই জমজমাট যে টিনএইজ দর্শকদের জন্য সেটি হবে বাড়তি পাওনা। সিনেমার টার্গেট অডিয়েন্স উনিশ-কুড়ি প্রজন্ম হলেও রোমান্টিক ড্রামা পছন্দ করেন-- এমন সবারই ভালো লাগবে সিনেমাটি।

সেই সঙ্গে গুয়েন স্টেসি ওরফে এমা স্টোনের ভুবন ভোলানো হাসি তো বোনাস হিসেবে থাকলই।

ইলক্টো ওরফে জেমি ফক্সের অনবদ্য অভিনয়ের জন্যও দেখা যেতে পারে এই ছবি।

আর ফ্রেইন্ডলি নেইবারহুড স্পাইডার-ম্যানের কথা না হয়, নাই বললাম। স্পাইডি ওরফে অ্যান্ড্রু গারফিল্ডের চমকপ্রদ অভিনয় আর ফাঁকে ফাঁকে তার কমেডি কণ্ঠের সঙ্গে মজার আচরণ আপনাকে পুরো সোয়া দুই ঘণ্টাই বিনোদনে ভরিয়ে রাখবে।