ক্রিস্টেন স্টুয়ার্টের লুকোচুরি
কানে জড়ো হওয়া দেশ-বিদেশের তারকাদের মধ্যে রয়েছেন ‘টোয়াইলাইট’ জুটি ক্রিস্টেন স্টুয়ার্ট ও রবার্ট প্যাটিনসন। কিন্তু প্যাটিনসনের সঙ্গে দেখা হওয়ার পর্ব কৌশলে এড়িয়ে গেছেন স্টুয়ার্ট।
ডেভিড ক্রোনানবার্গের পরিচালনায় নিজের সিনেমা 'ম্যাপস টু দ্য স্টারস’-এর প্রদর্শনীতে অংশ নেওয়া প্যাটিনসন ফ্রান্স ছেড়ে না যাওয়া পর্যন্ত কানের আসরে উপস্থিত হননি স্টুয়ার্ট। এ জন্য তাকে হারাতে হয়েছে ফ্যাশন হাউজ শানেল আয়োজিত এক জমকালো নৈশভোজে অংশ নেওয়ার সুযোগ। শানেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবার পরও সেই পার্টিতে অংশ নেননি এই অভিনেত্রী।
এক সূত্র বলছে, প্যাটিনসনের সঙ্গে একই পার্টিতে অংশ নিতে চাননি স্টুয়ার্ট। পুরনো প্রেমিককে অন্য নারীদের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা তার জন্য কষ্টকর।
সূত্রটি আরও বলছে প্যাটিনসনকে এখনও ভালোবাসেন স্টুয়ার্ট। কোনো একদিন আবারও পুরনো সম্পর্ক ফিরে পাওয়ার আশাও করেন তিনি।
২০০৮ সালে ‘টোয়াইলাইট’ সিরিজের প্রথম সিনেমায় অভিনয় করতে পরিচয় হয় দুজনের, এরপর প্রেম।
তবে ২০১২ সালের আগে কোনোদিন জনসম্মুখে নিজেদের সম্পর্কের ব্যাপারে মুখ খোলেননি এই জুটি।
সে বছর ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ সিনেমায় অভিনয় করার সময় নির্মাতা রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে উঠে স্টুয়ার্টের। প্রেমিকের অগোচরে স্টুয়ার্টের এই প্রেম ধরা পড়ে পাপারাজ্জির ক্যামেরায়।
এরপর খোলাখুলি প্যাটিনসনের কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন ২৪ বছর বয়সী স্টুয়ার্ট। তার এই আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে পিপল ম্যাগাজিন।
স্টুয়ার্টের ক্ষমা চাওয়ার পর তাদের পুনর্মিলন ঘটলেও সম্পর্ক আগের জায়গায় ফিরে যায়নি। এ ঘটনার কয়েক মাস পরই স্টুয়ার্টের মোবাইলে রুপার্ট স্যান্ডার্সের মেসেজ দেখতে পান প্যাটিনসন। পাকাপাকিভাবে ভেঙে যায় তাদের প্রেম।
২৮ বছর বয়সী প্যাটিনসনের নাম অনেকের সঙ্গে জুড়লেও এখন পর্যন্ত একাই রয়েছেন স্টুয়ার্ট।
এবারের কান উৎসবে প্রদর্শিত হবে স্টুয়ার্ট অভিনীত সিনেমা ‘ক্লাউডস অফ সিলস মারিয়া’। 'ড্রামা’ ধাঁচের এই সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ১ ডিসেম্বর।
