২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘ডন অফ জাস্টিস’

অবশেষে ওয়ার্নার ব্রাদার্স ঘোষণা করেছে ‘ম্যান অফ স্টিল’-এর সিকুয়েলের নাম। ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অফ জাস্টিস’ শিরোনামে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে ২০১৬ সালের ৬ মে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হাসনাইন মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 03:51 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

ডিসি কমিকসের সবচেয়ে জনপ্রিয় দুইজন সুপারহিরো-- সুপারম্যান এবং ব্যাটম্যান। এবারই প্রথম এই জনপ্রিয় দুই চরিত্রকে একসঙ্গে রুপালি পর্দায় দেখা যাবে। পরিচালক ‘এক্সমেন’খ্যাত পরিচালক জ্যাক স্নাইডার ২০১৩ সালে ‘ম্যান অফ স্টিল’ পরিচালনা করেন। সিকুয়েলটিরও পরিচালনার দায়িত্বে আছেন তিনিই। ‘ম্যান অফ স্টিল’ চলচ্চিত্রটি পৃথিবীজুড়ে আয় করে প্রায় ৬৬ কোটি মার্কিন ডলার।

নির্মাণের ঘোষণা আসার পর থেকে নানা কারণে আলোচনায় আছে এই সিকুয়েলটি। ব্যাটম্যান চরিত্রে বেন অ্যাফ্লেককে নির্বাচন থেকে শুরু করে খলনায়ক লেক্স লুথার চরিত্রে ‘সোশাল নেটওয়ার্ক’খ্যাত জেসি আইজেনবার্গকে নেওয়াতে সমালোচনার ঝড় তোলেন ভক্তরা। এই আগুনে নতুন করে ঘি ঢেলে দিয়েছে চূড়ান্ত হওয়া চলচ্চিত্রটির নাম।

‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অফ জাস্টিস’ চলচ্চিত্রের শিরোনাম পরবর্তী ‘জাস্টিস লিগ’ চলচ্চিত্রের কথা মাথায় রেখে করা হয়েছে বলে অনেকের অভিমত। শিরোনামটি নিয়ে এরই মধ্যে টুইটার তোলপাড় করেছেন ভক্তরা। অনেকেই এর শিরোনামকে কোন কোর্টরুম ড্রামা সিরিজের শিরোনামের সঙ্গে তুলনা করেছেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন ‘ম্যান অফ স্টিল’-এর  সিকুয়েলের শিরোনামে ব্যাটম্যান এর নাম প্রথমে আসা নিয়ে।

চলচ্চিত্রটিতে সুপারম্যান চরিত্রে হেনরি কাভিল ফিরছেন। এছাড়া ওয়ান্ডার ওম্যান চরিত্রে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’খ্যাত ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদত এবং সাইবর্গ চরিত্রে যুক্তরাষ্ট্রের বিখ্যাত মঞ্চ অভিনেতা রে ফিশার থাকছেন। গত সপ্তাহে নতুন ব্যাটম্যান এর কস্টিউমে বেন অ্যাফ্লেক-এর একটি ছবি টুইটারে ভক্তদের সাথে শেয়ার করেন পরিচালক।

ডিসি এন্টারটেইনমেন্টের এই চলচ্চিত্রটি প্রতিদ্বন্দ্বী মার্ভেল এন্টারটেইনমেন্টের ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের তৃতীয় সিনেমার সাথে একই দিনে মুক্তি পাচ্ছে।