রজনিকান্তের ‘কোচাদায়িয়া’
ভক্তদের কাছে পর্দায় রজনিকান্তের উপস্থিতিই একটি সিনেমা দেখার জন্য যথেষ্ট হতে পারে। কিন্তু তারপরও ‘কোচাদায়িয়া’ নিয়ে আলোচনা এই দক্ষিণি সুপারস্টারের যে কোনো সিনেমাকেই ছাড়িয়ে গেছে। এর প্রধান কারণ হয়তে এবারই প্রথম অ্যানিমেটেড ‘থালাইভার’কে রূপালি পর্দায় দেখবেন দর্শকরা।
রজনির মেয়ে সউন্দারিয়া আর আশুইনের পরিচালনায় অ্যানিমেটেড মুভি ‘কোঁচাদায়িয়া’ ২৩ মে একযোগে মুক্তি পাবে মোট ৬ হাজার সিনেমা হলে। সিনেমাটি নিয়ে এত গুঞ্জন কেন?
দীর্ঘ বিরতির পর রূপালি পর্দায় রজনি
তামিল এই সুপারস্টারকে সবশেষ দেখা গেছে ‘এনথিরান’ (রোবট) সিনেমায়, যা মুক্তি পায় ২০১০ সালে। এরপর দীর্ঘ চার বছর ধরে নিয়মিত সংবাদে থাকলেও মুক্তি পায়নি তার একটিও সিনেমা। তাই একাধিকবার মুক্তির তারিখ পেছানোর পরও রজনিকে পর্দায় দেখার জন্য ‘কোচাদায়িযা’র অপেক্ষায় আছেন এখন ভক্তরা।
থালাইভারের ‘রুদ্র তাণ্ডব’
মারদাঙ্গা সংলাপ কিংবা বিশেষ ভঙ্গিতে সিগারেট মুখে নেওয়া-- দর্শকের মন ভুলিয়েছেন তিনি নানাভাবে। এইসব কসরতের মাধ্যমে বরাবরই নাচ থেকে দূরে থেকেছেন এই অভিনেতা, কারণ নাচে পারদর্শী নন তিনি। তবে ‘কোচাদায়িয়া’তে রজনিকে দেখা যাবে শিবের নাচ ‘রুদ্রতাণ্ডব’ করতে।
মোশন ক্যাপচার প্রযুক্তির ব্যবহার
‘কোচাদায়িয়া’কে বলা হচ্ছে ভারতে নির্মিত প্রথম সিনেমা, যেখানে ব্যবহার করা হয়েছে মোশন ক্যাপচার প্রযুক্তি। মার্কিন মুল্লুকে ‘থ্রি হান্ড্রেড’ এবং ‘দ্য হবিট’ সিরিজের মতো সিনেমাগুলোতে ব্যবহার হয়েছে এই প্রযুক্তি।
রজনি-রহমান জুটি
‘কোচাদায়িয়া’র মাধ্যমে ষষ্ঠবারের মতো রজনিকান্তের সঙ্গে এক সিনেমায় কাজ করছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রেহমান। বরাবরই দর্শক-শ্রোতাদের মন জয় করেছে এই জুটির কাজ। এবারেও যে হয়নি এর ব্যাতিক্রম, তার প্রমাণ হল ‘কোচাদায়িয়া’র গানগুলো, যা ইতোমধ্যেই ছুঁয়েছে জনপ্রিয়তার মাত্রা।
রজনির মুখে হিন্দি সংলাপ
মূলত তামিল সিনেমায় অভিনয় করলেও, রজনির জন্ম ভারতের মহারাষ্ট্রে। হিন্দি বলতে পারেন তিনি বেশ সাবলীলভাবেই। হিন্দি সংলাপ বলতে রজনিকে সর্বশেষ দেখা গেছে অনিল কাপুর অভিনীত সিনেমা ‘বুলান্দি’তে যা মুক্তি পেয়েছে এক দশকেরও বেশি আগে। রজনির অ্যানিমেটেড রূপ ছাড়াও এই সিনেমার আরেকটি আকর্ষণ হতে পারে তার হিন্দি সংলাপ।
ফিরছেন তামিল অভিনেতা নাগেশ
তামিল কৌতুকাভিনেতা নাগেশের রয়েছে এখানে ছোট একটি চরিত্র। কিন্তু বাস্তবে তিনি মারা গেছেন অনেক বছর আগে। ‘কোচাদায়িয়া’তে ডিজিটাল প্রযুক্তি দিয়ে নতুন করে তৈরি করা হয়েছে নাগেশের অ্যানিমেটেড রূপ। তামিল সিনেমার এই কিংবদন্তি শিল্পীকে আরও একবার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।
প্রথমবারের মতো রজনিকান্তের সঙ্গে অভিনয় করেছেন হিন্দি সিনেমার অভিনেত্রী দিপিকা পাড়ুকোন। ভক্তদের বিশ্বাস তাদের পর্দায় রোমান্স সিনেমাটিকে করে তুলবে আরও আকর্ষণীয়।
মারদাঙ্গা অ্যাকশন
‘কোচাদায়িয়া’র ট্রেইলার দেখে অনেকেই বুঝবেন, এতে অ্যাকশনের পরিমাণ থাকবে অনেক বেশি। মারদাঙ্গা এই দৃশ্যগুলোর বেশিরভাগ স্টান্ট পারফর্ম করেছেন রজনি নিজেই।
বাবা-মেয়ের বন্ধন
‘কোচাদায়িয়া’ পরিচালনা করেছেন রজনিকান্তের মেয়ে সউন্দারিয়া আশউইন। ধারণা করা হয় ভারতীয় সিনেমার ইতিহাসে এটাই প্রথম, যেখানে মেয়ের পরিচালনায় অভিনয় করছেন বাবা। সউন্দারিয়ার মতে, বাবার সঙ্গে কাজ করা ছিল অনেকটাই কঠিন, কারণ তিনি খুবই পেশাদার একজন অভিনেতা।
রজনির উপস্থিতি
হ্যাঁ, ভক্তদের জন্য কোনো সিনেমায় রজনির উপস্থিতিই যথেষ্ট। আর কোনো কারণ না হলেও চলে তাদের।
অ্যানিমেটেড ফ্যান্টাসি ধাঁচের সিনেমা, ‘কোচাদায়িয়া’ ২৩ মে শুক্রবার একসঙ্গে মুক্তি পাবে মোট আটটি ভাষায়।
