২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের সাকিব-বন্দনা

হিন্দি সিনেমার ‘কিং খান’ শাহরুখ এখন আহ্লাদে আটখানা! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স যে একের পর এক ম্যাচ জিতেই চলেছে। মঙ্গলবার ঝড়ো ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংসকে হারানোর পর টুইটারে সাকিব বন্দনায় মেতেছেন শাহরুখ।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 05:06 PM

Updated : 13 Oct 2022, 12:07 PM

টানা পাঁচ ম্যাচে জয় পেয়ে আইপিএলের চলতি মৌসুমে কলকাতা নাইট রাইডার্স এখন দারুণ ফর্মে। দলটির অন্যতম সফল অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসানও কাটাচ্ছেন নিজের সেরা সময়। বিশেষ করে মঙ্গলবার রাতে নিজেদের ঘরের মাঠে টুর্নামেন্টটির সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংসকে সাকিবের ব্যাটিংয়ের সুবাদেই আট উইকেটে হারাতে সক্ষম হয়েছে দলটি। সেই খুশিতেই একের পর এক টুইট করেই যাচ্ছেন এসআরকে।

শাহরুখের প্রথম টুইট-

“কেউ আমাকে থামাও! রবিন (রবিন উথাপ্পা), তুমি অসাধারণ। গৌতি (গৌতম গম্ভির) তোমার হাসিটাই সবার সেরা। মানিশ (মনিশ পান্ডে), আমার ছেলে! আর সাকিব, তোমাকে কাঁধে তুলে ঘুরতে চাই আমি।”

শাহরুখের ওই পোস্টটি এ পর্যন্ত রিটুইট হয়েছে দুই হাজারেরও বেশিবার। নিজেদের প্রিয় টুইটের তালিকায় এটিকে রেখেছেন প্রায় তিন হাজার অনুসারি।

ইডেন গার্ডেনের মাঠে আইপিএলের টানা দুবারের চ্যাম্পিয়নদের খুব সহজেই হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আট উইকেটের এই জয়ে বল হাতে অবদান রাখতে না পারলেও ২১ বলে ৪৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সাকিব।

দলের খেলোয়াড়দের ধন্যবাদ দিয়ে করা পোস্টটির পর আরও একটি টুইট করেন শাহরুখ। সেখানে ইডেনের দর্শকদের অকুণ্ঠ সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানান পশ্চিমবঙ্গের আনুষ্ঠানিক এই রাজ্যদূত।

“ইডেন, তোমায় ধন্যবাদ। তোমাদের আকাশছোঁয়া আনন্দের হাওয়াতেই উড়েছে বেলুনগুলো। পরেরবার আমি অবশ্যই মাঠে থাকব… সেবার নাচতে নাচতেই রাত পার করে দেব আমরা। এসআরকেদা তোমাদের মিস করছে।”