রানির ইচ্ছাপূরণ
কলকাতার মেয়ে রানি মুখার্জির ইচ্ছা ছিল তার বিয়ে হবে খাঁটি বাঙালি কায়দায়। দেশের বাইরে, আত্মীয় পরিজন থেকে দূরে, ঘরোয়াভাবেই বিয়ের কাজটা সারতে হয়েছে রানি-আদিত্যকে। কিন্তু প্রিয়তমার ইচ্ছাপূরণে কমতি রাখেননি আদিত্য। নিশ্চিত করেছেন সব ধরনের বাঙালি সংস্কার যেন মানা হয়।
এক সূত্রের বরাত দিয়ে জিনিউজ ব্যুরো বলছে, পায়ে আলতা থেকে শুরু করে বটপাতায় বিয়ের নিমন্ত্রণ, শুভদৃষ্টি এমনকি পণ্ডিতের মন্ত্রপাঠও যেন হয় বাংলায়— প্রতিটি বিষয় খেয়াল রেখেছেন আদিত্য।
টোপর মাথায় দিয়ে ধুতি-পাঞ্জাবি পরে সুদূর ইতালিতে প্রেমিকাকে বধূ হিসেবে বরণ করে নিয়েছেন এই নির্মাতা-প্রযোজক। গাঁটছড়া বেঁধে ঘুরেছেন সাতপাকে ঘুরেছেন অগ্নিকুণ্ডকে ঘিরে।
নিজেদের সম্পর্কের ব্যাপারে মুখে কুলুপ এঁটে প্রায় ছয় বছর প্রেম করেছেন রানি-আদিত্য জুটি। অবশেষে ২১ এপ্রিল চূড়ান্ত গোপনীয়তার মাধ্যমে ইতালিতে বিয়ের পিঁড়িতে বসেন এই জুটি।
