বিলবোর্ড আসরে ‘হলোগ্রাফিক’ জ্যাকসন
পাঁচ বছর আগে বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। কিন্তু রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডসের মঞ্চ মাতালেন কিং অফ পপ।
জাস্টিন টিম্বারলেক আর ইমাজিন ড্রাগনের জয়ের খবরকে পেছনে ফেলে সবার আলোচনার কেন্দ্রে এখন জ্যাকসনের হলোগ্রাফিক নাচ। চলতি বছরে মুক্তি পাওয়া তার গান ‘স্লেইভ টু দ্য রিদম’-এর তালে নেচেছেন হলোগ্রাফিক জ্যাকসন। এমজের গানের বিশেষ এই পরিবেশনা শেষে দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন উপস্থিত সবাই।
কৌতুকের সুরে ওই ভিডিওবার্তায় টিম্বারলেক বলেন, “এটা কোনো প্রতিযোগিতা নয়। কিন্তু, সে রকম কিছু হলে, বিজয়ী হয়েছি আমিই!” এবারের আসরে টিম্বারলেকের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন মাইলি সাইরাস, ব্রুনো মার্স এবং কেটি পেরিদের মতো তারকারা।
আরিএনবি তারকা রবিন থিকে, ফ্যারেল উইলিয়ামস এবং র্যাবপার টিআই জিতে নিয়েছেন আসরের তৃতীয় সর্বোচ্চ সংখ্যক পুরস্কার। মেগাহিট গান ‘ব্লার্ড লাইন্স’-এর কল্যাণে তারা জিতে নিয়েছেন ‘টপ হট হান্ড্রেড সংস’, ‘টপ রেডিও সং’, ‘টপ আরঅ্যান্ডবি সং’ এবং ‘ডিজিটাল সং’ বিভাগের পুরস্কার।
এবারের আসরের আরেকটি চমক ছিল টিন সেনসেশন লর্ডের দুটি পুরস্কারজয়। নিজের প্রথম সিঙ্গেল ‘রয়ালস’-এর জন্য চলতি বছরের গ্র্যামিতে দুটি পুরস্কার জিতেছিলেন আগেই। ১৭ বছর বয়সী এই পপতারকা জিতে নিলেন ‘টপ নিউ আর্টিস্ট’ এবং ‘টপ রক সং’-এর পুরস্কারও।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য পরিবেশনাগুলোর মধ্যে ছিল ওয়েন কোয়েন এবং মাইলি সাইরাসের কন্ঠে বিটলসের ক্ল্যাসিক গান ‘লুসি ইন দ্য স্কাই উইথ ডায়মন্ডস’। কলাম্বিয়ান পপতারকা শাকিরা, কান্ট্রি শিল্পীদ্বয় ‘ফ্লোরিডা জর্জিয়া লাইন’, লুক ব্রায়ান, ‘লেট ইট গো’-খ্যাত ইগি অ্যাজেলিয়াদের পরিবেশনাও নজর কেড়েছে।
