বক্স অফিসে ‘গডজিলা’র গর্জন
যুক্তরাষ্ট্রের বক্স অফিসে পড়েছে গডজিলার থাবা। ১৬ মে মুক্তি পেয়েই সিনেমাটি ঘরে তুলেছে ৯৩ লাখ ডলার যা চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়।
এতদিন এ রেকর্ডটি ছিল মে মাসের শুরুতে মুক্তি পাওয়া সুপারহিরো সিনেমা ‘দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান টু”-এর দখলে। মুক্তির তিনদিনে নয় কোটি ডলারেরও বেশি আয় করা সুপারহিট ওই সিনেমার প্রথমদিনের আয় ছিল ৮৭ লাখ ডলার।
এই তালিকায় প্রথম স্থান এখন পর্যন্ত ধরে রেখেছে আরেক সুপারহিরো মুভি ‘ক্যাপ্টেইন আমেরিকা: উইন্টার সোলজার’। এপ্রিলে মুক্তি পেয়েই সামার ব্লকবাস্টারের তকমা পেয়ে যাওয়া ওই সিনেমার উদ্বোধনী আয় ছিল ১ কোটি ২ লাখ ডলার।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন পারমাণবিক হামলার পর রাসায়নিক তেজষ্ক্রিয়তায় সৃষ্ট মহাদানব গডজিলাকে প্রথমবারের মতো পুরো বিশ্বে পরিচয় করিয়ে দেন জাপানি পরিচালক ইশিরো হন্ডা। তার ১৯৫৪ সালের সিনেমা ‘গডজিলা’র পর থেকেই পারমাণবিক হামলার ঋণাত্মক প্রতিক্রিয়ার রূপক হিসেবে পপ সংস্কৃতিতে জনপ্রিয় হয়ে ওঠে এই কাল্পনিক চরিত্রটি। ওই সময়ের পর থেকে জাপানি এই আইকনিক মনস্টার মুভি হলিউডে রিমেক হয়েছে বহুবার। এমনকি টিভি এবং অ্যানিমেশন সিরিজ হিসেবেও একাধিকবার আবির্ভাব ঘটেছে গডজিলার।
সেই ধারবাহিকতায় সবশেষ হলিউডি রিমেক এবার যৌথভাবে প্রযোজনা করেছেন লেজেন্ডারি পিকচার্স এবং ওয়ার্নার ব্রাদার্স। যুক্তরাষ্ট্রজুড়ে ৩ হাজারেরও বেশি হলে মুক্তি পাওয়া এই সিনেমা পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। অভিনয় করেছেন ‘কিক অ্যাস’ খ্যাত অ্যারন টেইলর-জনসন, ‘ওল্ড বয়ে’র এলিজাবেথ ওলসেন, ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত ব্রায়ান ক্র্যানস্টনের মতো তারকারা।
১৭ মে থেকে কানাডা সহ বিশ্বের আরও ৬৪ দেশে মুক্তি পাবে সিনেমাটি।
