২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঐশ্বরিয়ার প্রত্যাবর্তন

শোনা যাচ্ছিল, ‘হ্যাপি অ্যানিভার্সারি’ সিনেমার মধ্য দিয়ে স্বামী অভিষেক বচ্চনের বিপরীতেই হতে যাচ্ছে ঐশ্বরিয়া রাই বচ্চনের বহুপ্রতীক্ষিত ‘কামব্যাক’। এবার জানা গেল, ‘হ্যাপি অ্যানিভার্সারি’ নয়, হিন্দি সিনেমার এই অভিনেত্রী ফিরছেন সঞ্জয় গুপ্তের পরবর্তী সিনেমা ‘জাযবা’র মাধ্যমেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

হাসনাইন মাহমুদ, আইএনএস/ বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 04:28 PM

Updated : 25 Apr 2022, 04:11 PM

খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মাধ্যমে সবাইকে জানান ‘কাটে’, ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’-খ্যাত এই পরিচালক।

এ ব্যাপারে তার সাম্প্রতিকতম পোস্টটি ছিল, “হ্যাঁ, এটা সত্যি যে আমার অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘জাযবা’-তে একটি শক্তিশালী চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চনকে।”

সাবেক বিশ্বসুন্দরীর মুখপাত্রও নিশ্চিত করেছেন খবরটি।

গুপ্ত আরও বলেন, “সিনেমায় ঐশ্বরিয়াই থাকছেন কেন্দ্রীয় চরিত্রে। এর গল্প আবর্তিত হবে তাকে ঘিরেই।”

এ বছরের কান চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে তিনি জানান।

‘জাজবা’র শুটিং ২০১৫ সালের জানুয়ারিতে শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। সঞ্জয়ের পরিচালনায় ঐশ্বরিয়া রাই বচ্চনের এটিই প্রথম চলচ্চিত্র।

‘হাম দিল দে চুকে সানাম’, ‘দেবদাস’, ‘চোখের বালি’, ‘ধুম থ্রি’, ‘জোধা আকবর’-এর মতো ব্যবসাসফল সিনেমার অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন প্রায় ৪ বছর ধরে রূপালি পর্দায় অনুপস্থিত।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় লিলা বানসালির ‘গুজারিশ’- এর পর বড় পর্দায় আর দেখা যায়নি ঐশ্বরিয়াকে।  

২০১১ সালে অভিষেক বচ্চন এবং তার প্রথম সন্তান আরাধিয়ার পৃথিবীতে আসাই ছিল তার এই অনুপস্থিতির কারণ। বারবার তার প্রত্যাবর্তনের গুজব রটলেও সব সময়ই তা গুজবই থেকে যায়। মনি রত্নমের একটি তামিল সিনেমা দিয়ে তিনি আবারও বড় পর্দায় ফিরছেন বলে খবর রটেছিল একটা সময়।   
এই মুহূর্তে ঐশ্বরিয়া বিশ্বখ্যাত প্রসাধনীর ব্র্যান্ড ‘লরিয়েল’-এর দূত হিসেবে ৬৭তম কান চলচ্চিত্র উৎসবে আছেন। এই শুক্রবার যোগ দেওয়ার কথা থাকলেও  বিমান কর্মচারীদের ধর্মঘটের কারণে পৌঁছাতে পারেননি। ২১ মে তিনি উৎসবে যোগ দেবেন।