শেষ হচ্ছে 'টু অ্যান্ড আ হাফ ম্যান'
হালের জনপ্রিয় সিটকমগুলোর তালিকা করা হলে প্রথম দিকেই থাকবে সিবিএস-এর `টু অ্যান্ড আ হাফ মেন’। পর্দা নামতে যাচ্ছে এই মার্কিন সিচুয়েশনাল কমেডির।
২০০৩ সালের ২২ সেপ্টেম্বর শুরু হওয়া এই সিটকমটি দীর্ঘদিন ধরেই দর্শক-সমালোচকদের প্রশংসা পাচ্ছে।
নাটকের কাহিনি চার্লি হারপার, তার ভাই অ্যালান হারপার এবং অ্যালানের ছেলে জেককে নিয়ে। চার্লি হারপার চরিত্রে চার্লি শিন, অ্যালান হারপার চরিত্রে জন ক্রায়ার এবং জেক হারপার চরিত্রে অভিনয় করেছেন অ্যাঙ্গাস টি জোন্স।
ধারাবাহিকটির স্রষ্টা 'বিগ ব্যাং থিওরি’খ্যাত চাক লোরের সঙ্গে বিবাদ, মাদকাসক্ত হয়ে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হওয়া, নাটকটি সম্পর্কে নেতিবাচক মন্তব্য-- এ রকম বেশকিছু ঘটনার জের ধরে অষ্টম সিজন শেষে বিদায় নেন চার্লি শিন। চার্লি শিনের স্থলাভিশিক্ত হন 'দ্যাট সেভেন্টিস শো’-এর জন্য পরিচিত অভিনেতা অ্যাশটন কুচার।
চার্লি শিনের বিদায়ের পর থেকেই সিটকমটির জনপ্রিয়তায় ধস নামতে শুরু করে। দশম সিজন শেষে বিদায় নেন আরেক কেন্দ্রীয় চরিত্র অ্যাঙ্গাস টি জোন্স। এরই ধাবাহিকতায় সিবিএস সিটকমটি শেষ করার সিদ্ধান্ত নেয়।
গত ৮ মে শেষ হয়েছে ধারাবাহিকটির একাদশ সিজন।
সিবিএস প্রেসিডেন্ট 'টু অ্যান্ড আ হাফ মেন’ এর সমাপ্তি প্রসঙ্গে বলেন, “নতুন সিজন নিয়ে চাক লোর অনেক বেশি উত্তেজিত। দ্বাদশ সিজনে চাকের কিছু বিস্ময়কর কল্পনা প্রতিফলিত হতে যাচ্ছে। আমরা আশা করছি, ভক্ত এবং দর্শকরা দ্বাদশ সিজনকে ভালোভাবেই গ্রহণ করবেন।"
