বলিউডে এমা ওয়াটসন
বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে ‘হ্যারি পটার’-খ্যাত এমা ওয়াটসনের। সবকিছু ঠিকঠাক থাকলে, শেখর কাপুরের চলচ্চিত্রে ‘পানি’তে অভিনয় করার কথা রয়েছে এই ব্রিটিশ অভিনেত্রীর।
মার্কিন অভিনেতা জন ট্রাভোল্টা ইতোমধ্যে ‘পানি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখার কথা নিশ্চিত করেছেন। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে সিনেমায় 'কাই পো চে’ তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বাধছেন ওয়াটসন।
‘পানি’ চলচ্চিত্রে অভিনেতা, অভিনেত্রী বাছাই করার বিষয়টি বরাবরই গোপন রাখা হয়েছে। শুধুমাত্র পরিচালক শেখর কাপুর আর প্রযোজক আদিত্য চোপড়াই সঠিক তথ্যটা জানেন।
ইয়াশ রাজ ফিল্মসের এক সূত্রের বরাত দিয়ে আইবিটাইমস ইন্ডিয়া বলছে, “খুব শিগগিরই একটা বড় ধরনের ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
‘পানি’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রের জন্য প্রথমে হৃত্বিক রোশানের নাম শোনা গেলেও পরে সুশান্ত সিং রাজপুতের নাম নিশ্চিত করা হয়।
শেখর কাপুরের চলচ্চিত্রে কাজ করার কথা ভাবছেন বলে ট্রাভোল্টা নিশ্চিত করেন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল (আইফা)-এর ২০১৪ সালের অনুষ্ঠানে।
আইফা আসরে ট্রাভোল্টা বলেছিলেন, “আমাকে একটা ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে এবং আমি সেটা নিয়ে চিন্তাভাবনা করছি। আমি বিশ্বাস করি, শেখর কাপুরের ‘পানি’ নামের এই চলচ্চিত্রটি বলিউডের একটি প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র হবে। তিনি আমাকে এই চলচ্চিত্রের অংশ হওয়ার জন্য অনুরোধ করেছেন।”
“আমি বেশকিছু সময় ধরে শেখরকে চিনি। চিত্রনাট্যে কোনো গান নেই, তবে শেখর বলেছেন বলিউডের উপযোগী করে তুলতে তিনি এখানে একটা গান যোগ করবেন। গল্প আর নিজের চরিত্র যদি পছন্দ হয়, তাহলে বলিউডে আরও অভিনয় করার আমার ইচ্ছা আছে।”
এর আগে জানুয়ারিতে গুজব রটে যে, ‘আমেরিকান হাসল’-এর অভিনেত্রী জেনিফার লরেন্স একটি গরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। কিন্তু পরিচালক তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এ গুজব উড়িয়ে দেন।
জানুয়ারিতে তিনি টুইট করেন, “জেনিফার লরেন্সকে ‘পানি’তে অভিনয়ের জন্য কোন প্রস্তাব দেওয়া হয়নি। আমি এ খবরকে গুজব বলে ঘোষণা করছি।”
আইএমডিবিতে পাওয়া তথ্য অনুযায়ী এ চলচ্চিত্রের কাহিনি অনেকটা এ রকম-- “ভবিষ্যৎ পৃথিবীর ঘটনা নিয়ে ‘পানি’ চলচ্চিত্রের কাহিনিটি লেখা হয়েছে। যেখানে পানির অভাবে এক ভয়ংকর যুদ্ধ সংঘটিত হবে। এখন থেকে ৩৫ বছর পর, ২ কোটি জনবসতির এক শহরে তীব্র পানির সংকট দেখা দেবে। এ শহরের দুটি দল, পানির ভাগবাঁটোয়ারা নিয়ে এক যুদ্ধে লিপ্ত হবে, যাকে বলা হচ্ছে ‘পানিযুদ্ধ’। এই দুটি দলের মধ্যে একদলের কাছে পানি থাকবে আরেকদলের কাছে থাকবে না। একটা সময়ে পানিই হয়ে উঠবে সমাজ ও অর্থনীতি নিয়ন্ত্রণের হাতিয়ার।”
