ভিসা পেলেন না শুভশ্রী-অঙ্কুশ
ভিসা জটিলতায় ঢাকায় আসতে পারছেন না টালিগঞ্জের তারকা শুভশ্রী গাঙ্গুলি ও অঙ্কুশ হাজরা। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমার কেন্দ্রীয় চরিত্র রূপদানকারী এই জুটি অংশ নিচ্ছেন না উদ্বোধনী প্রদর্শনীতে।
তাদের উপস্থিত থাকার কথা গণমাধ্যমকে জানান সিনেমাটির এ দেশীয় পরিচালক অনন্য মামুন।
‘মোস্ট ওয়েলকাম’-খ্যাত এই পরিচালক গ্লিটজকে বলেন, “আমি আজ (বুধবার) সকালে জানতে পারলাম, তারা ভিসা জটিলতায় ঢাকা আসতে পারবেন না। সরকারি ছুটির কারণে সে দেশের অফিস বন্ধ।”
সিনেমাটি আরেক পরিচালক ভারতের অশোক পাতি।
মামুন আরও বলেন, “আমি একজন পরিচালক, পরিচালক হিসেবেই তাদের শিডিউল নিয়েছি। এমনকি গণমাধ্যমে তাদের আসার কথা জানিয়েছি।”
বৌদ্ধদের প্রধান ধর্মীয় উত্সব ‘বৌদ্ধ পূর্ণিমা’র কারণে বাংলাদেশ ও ভারতে মঙ্গলবার সাধারণ ছুটি। এছাড়া লোকসভা নির্বাচনের কারণে সোমবারও সরকারি ছুটি ভোগ করেছে কলকাতাবাসী।
“শেষ মুহুর্তে এসে জানতে পারলাম তারা আসতে পারবেন না। এমন পরিস্থিতিকে যদি কেউ প্রচারণা কৌশল মনে করেন তবে সেটা হবে আমার দুর্ভাগ্য।”
চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে ১৬ মে, যমুনা ব্লকবাস্টারে ১৫ মে আয়োজন করা হয়েছে উদ্বোধনী প্রদর্শণীর।
