মৃত্যুর ওপার থেকে গান: ভালবাসা না ব্যবসা?
‘আমি চিরদিনের’-- ২০১০ সালে মুক্তি পাওয়া গান ‘বেস্ট অফ জয়’-এ একথাই ধ্বনিত হয়েছিল মাইকেল জ্যাকসনের কণ্ঠে। মৃত্যুর বছরখানেক পেরুলেও নিজের উপস্থিতির কথা সরবেই জানান দিচ্ছিলেন কিং অফ পপ। ১৩ই মে মুক্তি পেয়েছে মাইকেল জ্যাকসনের মৃত্যুর পরে প্রকাশিত ২য় অ্যালবাম ‘এসকেপ’।
২০০৯ সালে জ্যাকসন তাঁর ফিরে আসার সংগীত সফরের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তার আগেই ২৫ জুন তিনি মারা যান। তাঁর মৃত্যুর পর, ২৫ কোটি ডলারের বিনিময়ে সনিকে তাঁর সারাজীবনের প্রকাশিত-অপ্রকাশিত গান নিয়ে ১০টি অ্যালবাম মুক্তির অনুমতি দেয় জ্যাকসন এস্টেইট।
সনির প্রথম অ্যালবাম, ‘মাইকেল’ ২০১০ সালে মুক্তি পায়। অনুমান অনুযায়ী জ্যাকসনের বিশাল সংগ্রহের শ্রেষ্ঠ কাজগুলি নিয়েই অ্যালবামটি সাজানো হয়েছিল। বিখ্যাত সব প্রযোজকরা অ্যালবামটির জন্য কাজ করেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হল, টেডি রিলে, জন ম্যাকক্লেইন আর লেনি ক্রাভিজ।
২০০১ সালের পর এটাই ছিল জ্যাকসনের প্রথম অ্যালবাম। কিন্তু অ্যালবামটি খুব একটা সফল হয়নি। ৪টি একক গানের মধ্যে মাত্র ১টি গান সেরা ৪০-এর তালিকায় স্থান পায়। কারণটা অস্বাভাবিক নয়। অ্যালবামে সংগৃহীত কাজগুলো ছিল মাঝারি মানের।
বিটলসের মতো কিংবদন্তি ব্যান্ডকেও একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হয়েছে। নব্বইয়ের দশকের মধ্যভাগে বিটলসের চূড়ান্ত কাজ নিয়ে ‘অ্যানথোলজি’ সিরিজের ২টি সিডি আর তাদের নামাঙ্কিত দ্রব্যাদি সারাবিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করে। ‘অ্যানথলজি’ সিরিজ, প্রয়াত জন লেননের কণ্ঠে ধারণ করা গোটা দুয়েক একক গান আর বাকি সদস্যদের কিছু রেকর্ডিং ছাড়া ব্যান্ডের ঝুলিতে তেমন কিছু একটা যোগ করতে পারেনি। এই রেকর্ডিংগুলোকেও ব্যান্ড ম্যানেজার জর্জ মার্টিন আর অন্য সদস্যরা প্রকাশের অযোগ্য বলে আখ্যায়িত করেছেন।
যতো খারাপই হোক না কেন, ১৯৯৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বিটলসের সব অ্যালবাম বিক্রি হয়ে যায়। গণমাধ্যমে ব্যাপক প্রচারণা আর আর বিটলসের অন্তর্ধানে বিশ্বজুড়ে ভক্তদের মনে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল তাই এর পেছনে বড় কারণ হিসেবে কাজ করেছে।
সংগীত তারকাদের মৃত্যুর পর তাদের অপ্রকাশিত কাজ নিয়ে অ্যালবাম প্রকাশের তালিকাটা বেশ লম্বা। জিমি হেন্ড্রিক্স তাঁর জীবদ্দশায় ৩টি অ্যালবাম বের করেন। কিন্তু ১৯৭০ সালে মৃত্যুর পর, তাঁর ফেলে দেওয়া কাজগুলো নিয়ে প্রায় ডজনখানেক অ্যালবাম প্রকাশিত হয়। টুপাক শাকুর তাঁর সংক্ষিপ্ত জীবনে ৪টি অ্যালবাম প্রকাশ করেন। কিন্তু ১৯৯৬ সালে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর তাঁর ৭টি অ্যালবাম বের হয়। এর মধ্যে প্রথম অ্যালবাম ‘ডন কিলুমিনাতি’কে নিয়ে এন্টারটেইনমেন্ট উইকলি তীব্র সমালোচনা করে। তাদের মতে, অ্যালবামটিতে শাকুরের কাজের এতটাই অপব্যবহার করা হয়েছিল যে, তা তাঁর সংগীত এবং উত্তরাধিকারকে চরমভাবে অবমাননা করেছে। জিম মরিসনকে বহুবার নতুন মোড়কে সাজিয়ে নতুন করে বিক্রি করা হয়েছে। ডোরস-এর ড্রামার জন ডেনসমোর মন্তব্য করেন যে, এটা মরিসনের বিপর্যস্ততার সীমা ছাড়িয়ে যেত। একইভাবে এলভিস প্রিসলি, কার্ট কোবেইনসহ অনেকেরই মৃত্যুপরবর্তী অ্যালবাম বের করা হয়েছে।
এক জ্যাকসনভক্ত প্রশ্ন করে বসেছিলেন, “কুইন্সি জোনস কী করতেন?”
মাইকেল জ্যাকসনের কাছের মানুষগুলোর মধ্যে জোনস ছিলেন সবচেয়ে প্রজ্ঞাবান, পরামর্শদাতা এবং সমালোচক।
১৯৮২ সালে প্রকাশিত, জ্যাকসনের মাইলফলক অ্যালবাম ‘থ্রিলার’সহ অন্য সব সফল অ্যালবামই প্রযোজনা করেন জোনস। বিভিন্ন সাক্ষাৎকারে জোনস তার অভিভাবকত্বে থাকা জ্যাকসনের কাজের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন। বর্ণনা করেছেন, অবসাদের প্রান্তে থাকা অবস্থায়ও কীভাবে জ্যাকসন নিখুঁতভাবে কাজ করার তাড়না অনুভব করতেন। যখন তিনি আর জ্যাকসন দুজনেই মনে করতেন কোন একটা গান একটা জায়গায় পৌঁছেছে, তখন আর সেই অবসাদের কোনো লেশ থাকত না। অনেক গান রেকর্ড করা হলেও খুব অল্পকিছুই বাছাই করা হয়েছিল। এ কারণেই এই জুটি, ‘থ্রিলার’ অ্যালবামের নবম গান বাছাই করার আগে আটশ’র মতো গান বাতিল করেন। আর সে কারণেই হয়ত পপগানের ইতিহাসের সর্বাধিক বিক্রিত অ্যালবামের মর্যাদা পেয়েছে 'থ্রিলার'।
জোনস বলেন, “তুমি কী ধরনের সুর সৃষ্টি করতে চাচ্ছ, তা মনে মনে ঠিক কর, তাহলেই চলবে। প্রত্যেকেই লাখ লাখ রেকর্ড বিক্রি করতে চায়। কিন্তু মানুষ কোনটা পছন্দ করবে, সেটা চিন্তা করে কাজ করাটা খুবই বাজে একটা ব্যাপার।”
জোনস একবার জ্যাকসনের অতীত সময় পর্যালোচনা করে বলেছিলেন, “মাইকেল জানত কোনটা তার নিজের পছন্দ, আর কোনটা সফল হবে। বাকিগুলো ছিল শুধুই গোলমেলে। বহু গান অপ্রকাশিত থাকার একটা বড় কারণ ছিল এটাই যে, আমরা জানি আমাদের দ্বারা এর চেয়েও ভালো করা সম্ভব।”
কিন্তু সেই সুযোগ আর পাবেন না পপের রাজা।
