শীর্ষে ‘নেইবারস’
‘দ্যা অ্যামেজিং স্পাইডারম্যান টু’কে টপকে মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডা’র বক্স অফিস তালিকার শীর্ষস্থানটি দখল করে নিয়েছে কমেডি ‘নেইবারস’।
ট্র্যাকিং ফার্ম ‘রেনট্রেক’ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে ‘নেইবারস’ টিকেট বিক্রিতে অন্য সব চলচ্চিত্রকে ছাড়িয়ে গেছে। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত প্রায় ৫ কোটি ১১ লাখ মার্কিন ডলার আয় করেছে চলচ্চিত্রটি। ‘দ্যা অ্যামেজিং স্পাইডারম্যান টু’ আছে ২য় স্থানে। এ সপ্তাহে এর আয় ৩ কোটি ৭২ লাখ মার্কিন ডলার। আর ৩য় স্থানে থাকা ‘দ্যা আদার ওম্যান’ চলচ্চিত্রটি এ সপ্তাহে আয় করেছে প্রায় ৯৩ লাখ মার্কিন ডলার।
চলুন দেখে নেয়া যাক এই সপ্তাহের বক্স অফিস তালিকার শীর্ষে আছে কোন ৮টি চলচ্চিত্র
১. ‘নেইবারস’
সদ্য বাবা-মা হওয়া এক দম্পতি শহরতলীতে এসে বসবাস করতে শুরু করে। পাশেই থাকে এক দল বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে ভিন্ন ধরনের এই প্রতিবেশীদের মধ্যে শুরু হয় মধ্যে মজার দ্বন্দ্ব এভাবেই এগিয়েছেন হাসির সিনেমা ‘নেইবারস’ এর কাহিনি সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় 'নকড্ আপ' খ্যাত সেথ রোগেন এবং 'হাইস্কুল মিউজিকাল’ সিরিজের জ্যাক অ্যাফ্রন
সাড়ে ৩ থেকে ৪ কোটি মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে নির্মিত হয়েছিল ‘নেইবারস’ কিন্তু সেই লক্ষ্যমাত্রা প্রথম সপ্তাহেই পেরিয়েছে সিনেমাটি চলচ্চিত্রটির নির্মাণে ব্যয় হয় ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
২. ‘দ্যা অ্যামেজিং স্পাইডারম্যান টু’
ধারণা করা হচ্ছিল এ বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবি হওয়ার পথেই এগুচ্ছে বড় বাজেটের সুপারহিরো সিনেমা ‘দ্যা অ্যামেজিং স্পাইডারম্যান টু’ কিন্তু গত সপ্তাহে সিনেমাটির আয়ের গতি প্রায় ৬০ শতাংশ নিচে নেমে এসেছে। ২মে মুক্তির পর থেকে চলচ্চিত্রটি এখন পর্যন্ত ১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার আয় করেছে।
বক্স অফিস মোজোর তথ্যমতে, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সনি পিকচার্সের ‘দ্যা অ্যামেজিং স্পাইডারম্যান’ চলচ্চিত্রটি ২৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার আয় করেছিল।
‘দ্যা অ্যামেজিং স্পাইডারম্যান টু’ চলচ্চিত্রে স্পাইডারম্যানের ভূমিকায় অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড আর গুয়েন স্টেসির ভূমিকায় আছেন এমা স্টোন।
সনি পিকচার্সের আন্তর্জাতিক বিপণন প্রধান বোরি ব্রুয়ার বলেন, “আমরা পতনের সম্মুখীন ঠিকই তবে চলচ্চিত্র জগতে এটি খুবই স্বাভাবিক। আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছি।”
৩. ‘দ্যা আদার ওম্যান’
তালিকার ৩য় স্থানে আছে রোমান্টিক কমেডি ‘দ্যা আদার ওম্যান’। গত মাসের ২৫ তারিখে মুক্তি পাওয়া এ চলচ্চিত্রটি এ পর্যন্ত আয় করেছে ৬ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এ সপ্তাহের আয় প্রায় ৯৩ লাখ মার্কিন ডলার।
কেট উপটান, ক্যামেরন ডিয়াজ, লেসলি মান অভিনীত এই চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে তিনজন নারীকে নিয়ে। প্রেমের এক পর্যায়ে গিয়ে এক নারী আবিষ্কার করে যে তার প্রেমিক বিবাহিত। একসময় তার প্রেমিকের স্ত্রীর সাথে তার পরিচয় ঘটে এবং তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। প্রেমে ধোঁকা খাওয়া আরেক নারীর সাথে তাদের দুই জনের পরিচয় ঘটে এরপর তারা তিনজন মিলে তাদের সাথে বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেয়।
৪. ‘হেভেন ইজ ফর রিয়েল’
সনি পিকচার্স থেকে মুক্তিপ্রাপ্ত আরেকটি চলচ্চিত্র ‘হেভেন ইজ ফর রিয়েল’ বক্স অফিস তালিকার ৪র্থ স্থানে আছে। এ সপ্তাহে ৭০ লাখ মার্কিন ডলার ব্যবসা করা এ চলচ্চিত্রটি এখন পর্যন্ত মোট সাড়ে ৭ কোটি মার্কিন ডলার আয় করেছে।
৫. ‘ক্যাপ্টেন আমেরিকাঃ দ্যা উইন্টার সোলজার’
৫৯ লাখ মার্কিন ডলার আয় করে তালিকার ৫ম স্থানে আছে ডিজনি’র ‘ক্যাপ্টেন আমেরিকাঃ দ্যা উইন্টার সোলজার’।
৬. ‘রিও-টু’
টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের অ্যানিমেশন চলচ্চিত্র ‘রিও-টু’ আছে তালিকার ৬ষ্ঠ স্থানে। এ সপ্তাহে এর আয় ৫১ লাখ মার্কিন ডলার।
৭. ‘মমস নাইট আউট’
বক্স অফিস তালিকার ৭ম স্থানটি দখল করেছে সনি পিকচার্সের আরেকটি ছবি ‘মমস নাইট আউট’। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে এর আয় মোট ৪২ লাখ মার্কিন ডলার। ছবিটি’র কাহিনী কয়েকজন বন্ধুকে নিয়ে যারা তাদের স্বামীদের দায়িত্বে সন্তানদেরকে রেখে একটি সন্ধ্যা উপভোগ করে।
৮. ‘লিজেন্ডস অফ ওজঃ ডরোথি’স রিটার্ন’
তালিকার ৮ম স্থানে আছে নতুন মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘লিজেন্ডস অফ ওজঃ ডরোথিস রিটার্ন’। ক্ল্যারিয়াস এন্টারটেইনমেন্ট-এর এই অ্যানিমেশন চলচ্চিত্রটি এ সপ্তাহে আয় করেছে ৩৭ লাখ মার্কিন ডলার। চলচ্চিত্রটিতে কণ্ঠ দিয়েছেন লি মিশেল, ড্যান অ্যাক্রয়েড এবং কেলসি গ্র্যামার।
