গ্লাস্টনবারি উৎসবে মেটালিকা
প্রথমবারের মতো গ্লাস্টনবারি উৎসবের পিরামিড স্টেজ কাঁপাতে যাচ্ছে জনপ্রিয় হেভি মেটাল ব্যান্ড মেটালিকা। ১৯৭০ সাল থেকে শুরু হওয়া এই সংগীত উৎসবে কোনো হেভি মেটাল ব্যান্ডের অংশগ্রহণ এবারই প্রথম।
এ বছরের ২৫-২৯ জুন, ইংল্যান্ডের সমারসেটে অনুষ্ঠিত হতে যাওয়া এ উত্সবে মেটালিকার সঙ্গে আরও থাকবে পূর্বঘোষিত ‘আর্কেড ফায়ার’ এবং ‘ক্যাসাবিয়ান’।
এবারের গ্লাস্টনবারি উৎসবের টিকেট বিক্রি শুরু হয় ২০১৩ সালের অক্টোবরে। মাত্র দেড় ঘণ্টার ব্যবধানেই বিকিয়ে যায় সব টিকেট।
গ্লাস্টনবারি উৎসবের প্রতিষ্ঠাতা মাইকেল এভিস বিবিসিকে জানান, “মেটালিকা বিশ্বের সবচেয়ে সাড়া জাগানো রক ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম। তারা এখানে দীর্ঘদিন ধরেই অংশগ্রহণ করতে আগ্রহী। আমি যেখানেই যেতাম সেখানেই একটি প্রশ্নের সম্মুখীন হতাম। সেটি হল, ‘মেটালিকা কবে আসছে?’ আমি বলতাম, ‘তারা এখানে একদিন নিশ্চয়ই আসবে’। এবার শেষপর্যন্ত তারা আসছে।”
গ্লাস্টনবারিতে পারফর্মেন্সের ব্যাপারটা নিশ্চিত হওয়ার পর খুশির যেন শেষ নেই মেটালিকার সদস্যদের। তিন দশকের ইতিহাসে অ্যান্টার্কটিকাসহ ৭ মহাদেশের সব বড় ভেন্যু আর ফেস্টিভালে বাজানোর অভিজ্ঞতা হয়েছে ব্যান্ডের সদস্যদের। বাজানো হয়নি কেবল ওই গ্লাস্টনবারি ফেস্টিভালেই।
“আমাদের লাইভ মিউজিক ফেস্টিভালের উইশলিস্টের একটা নাম এতদিন নাগালের বাইরেই ছিল। এটা ঘোষণা করতে পরে আমরা সত্যিই গর্বিত যে, ২৮ জুন শনিবার গ্লাস্টনবারি ফেস্টিভালের পিরামিড স্টেইজে পারফর্ম করতে যাচ্ছি আমরা। গ্লাস্টবারির আমেজটাই অন্যরকম। তাই গ্লাস্টনবারি থেকে ডাক পাওয়ার পর ‘হ্যাঁ’ বলতে দ্বিতীয়বার ভাবতে হয়নি আমাদের।”-- ব্যান্ডের ওয়েবসাইটে প্রকাশিত আনুষ্ঠানিক বিবৃতিতে এভাবেই নিজেদের আনন্দের কথা জানিয়েছে মেটালিকার সদস্যরা।
গ্লাস্টনবারির ঐতিহ্যের সঙ্গে মেটালিকা ঠিক খাপ খায় কি না, এমন প্রশ্ন উঠতেই পারে সমালোচক আর ভক্তদের মধ্যে। এই ইস্যুতে ফেস্টিভালের প্রতিষ্ঠাতা এভিস বলেন, “আমরা এর আগেও এমনটা করেছি। লোকে মনে করে আমরা ‘রেডিওহেড’, ‘কোল্ড-প্লে’ আর ‘ওয়েসিস’ এর মতো ব্যান্ডগুলোকেই বেশি গুরুত্ব দেই। আবার কয়েক বছর আগে যখন আমরা ‘জে জি’ কে আনলাম, তখন লোকে তাঁকে গ্লাস্টনবারি উৎসবের জন্য বেমানান বলেছিল।”
‘জে জি’ গ্লাস্টবারিতে পারফর্ম করবেন শুনে সত্যিই ভুরু কুঁচকেছিলেন অনেকেই। ওয়েসিস গিটারিস্ট নোয়েল গালাহার তো বলেই বসেছিলেন,-- “আর যাই হোক না কেন, আমি গ্লাস্টনবারিতে হিপ-হপ চাই না।”
জে জি সেসব সমালোচনার উত্তর দিয়েছিলেন তার পারফর্মেন্স দিয়েই। জিতে নিয়েছিলেন ‘ভুরু কুঁচকে’ রাখা সেসব সমালোচক আর উপস্থিত দর্শকদের মন।
এদিকে গ্লাস্টনবারি নিয়ে নিজেদের উত্তেজনা লুকাতে পারছেন না মেটালিকার সদস্যরাও। রেডিও ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে মেটালিকার ড্রামার লার্স আলরিখ তো বলেই বসলেন, “আমি খুবই উত্তেজিত। ওই একটা ফোন কলের(গ্লাস্টনবারি আয়োজকদের) জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করেছি।”
মেটালিকা শেষ মুহূর্ত পর্যন্ত ফেস্টিভালে পারফর্ম করার জন্য গানের তালিকা বাছাই করবে না বলেই জানিয়েছেন আলরিখ। গ্লাস্টনবারির দর্শকরা হয়ত হার্ডকোর গানের ভক্ত নাও হতে পারেন, এই ব্যাপারটাও মাথায় রাখবে মেটালিকা।
এই গ্রীষ্মে গ্লাস্টনবারি উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে আরও আছে ‘ডলি পারটন’, ‘ডে লা সোল’, ‘ম্যানিক স্ট্রিট প্রিচার্স’ এবং ‘এড শিরান’।
সমারসেটের এই উৎসবে মূল ‘পিরামিড মঞ্চ’ ছাড়াও শ’খানেকের বেশি মঞ্চে আরও শতাধিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
১৯৮১ সালে গায়ক জেমস হেটফিল্ড এবং ড্রামার লার্স আলরিখ মিলে মেটালিকা ব্যান্ডটি প্রতিষ্ঠা করেন। গিটারিস্ট কার্ক হ্যামেট এবং বেইজিস্ট রবার্ট ট্রাজিলো ব্যান্ডের সঙ্গে আছেন দীর্ঘদিন ধরেই।
শুরুতে থ্র্যাশ মেটাল ব্যান্ড হিসেবে হার্ডকোর ফ্যানদের মন জয় করে নেওয়া ব্যান্ডটি জনপ্রিয়তার চূড়ায় পৌঁছায় ‘ব্ল্যাক’ অ্যালবামটি দিয়ে।
আসছে ৪-৬ জুলাই নেবওয়ার্থ পার্কে অনুষ্ঠিতব্য ‘সনিস্ফিয়ার উৎসব’-এও হেডলাইনার হিসেবে থাকবে মেটালিকা ।
