স্টার সিনেপ্লেক্সে ‘ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভাল’
ইউরোপীয় ইউনিয়ন ও স্টার সিনেপ্লেক্সের যৌথ আয়োজনে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভাল শুরু হচ্ছে ১৩ মে। সপ্তাহব্যাপী দেখানো হবে ইউরোপের বিভিন্ন দেশের ১২টি সিনেমা।
জার্মানিতে অভিবাসী তুর্কি পরিবারের তিন প্রজন্ম নিয়ে নির্মিত কমেডি ধারার ‘অ্যালমেনিয়া’ এবারের উদ্বোধনী সিনেমা। এটি পরিচালনা করেছেন ইয়েসমিন সামেদারেলি। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে উত্সবের উদ্বোধন ঘোষণা করবেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা। আরও থাকবেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান ও অন্যান্য দেশের প্রতিনিধিগণ।
উত্সবে আরও দেখানো হবে ডেনমার্কের সিনেমা ‘আ হাইজ্যাকিং’, ফ্রান্সের ‘অল দ্যাট গ্লিটার্স’, যুক্তরাজ্যের ‘দ্য সেলফিশ জায়ান্ট’, ইতালির ‘লুজ ক্যাননস’, নেদারল্যান্ডসের ‘দ্য ব্লিটজ’, নরওয়ের ‘নাইনটিনাইন পারসেন্ট অনেস্ট’, স্পেইনের ‘দ্য নিয়ার ইস্ট’, সুইডেনের ‘পামি’, সুইজারল্যান্ডের ‘রিসাইক্লিং লিলি’, হাঙ্গেরির ‘হোয়াইট পামস’ এবং চেক রিপাবলিকের ‘ইউ কিস লাইক এ গড’।
প্রদর্শনীর সময়সূচি পাওয়া যাবে সিনেপ্লেক্সবিডি ডটকম-এ।
ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি এবার সহযোগী আয়োজক ব্রিটিশ হাইকমিশন, চেক রিপাবলিক, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, ফ্রান্স, ইতালি, হাঙ্গেরি, সুইডেন, স্পেন, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস দূতাবাস।
আয়োজকরা জানান, দেশের দর্শকদের কাছে ইউরোপীয় চলচ্চিত্রকে তুলে ধরা এ উত্সবের মূল উদ্দেশ্য।
এছাড়া এর মাধ্যমে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন আরও গভীর হবে বলেও মনে করেন তারা। ২০ মে উত্সবের সমাপ্তি ঘটবে।
ইউরোপীয় ইউনিয়ন ২০১৩ সালে প্রথমবারের মতো এই উত্সব আয়োজন করে। সেবারও এর সহযোগী আয়োজক হিসেবে ছিল স্টার সিনেপ্লেক্স (শো মোশন লিমিটেড)।
কোম্পানির মিডিয়া ও মার্কেটিং ডিভিশনের সিনিয়র মানেজার মেসবাহ উদ্দীন আহমেদ বলেন, “বাণিজ্য করার উদ্দেশ্যে হলিউডি সিনেমা নিয়মিত আনি, সে ক্ষেত্রে আমরা সফল। কিন্তু আমাদের দেশে ভিন্ন ভাষাভাষীরাও বসবাস করেন। বিশেষত ইউরোপের এক বড় জনগোষ্ঠী স্বদেশ ছেড়ে আমাদের এখানে দিনের পর দিন বসবাস করছেন। একইভাবে বাংলাদেশি অনেকেই বসবাস করছেন ইউরোপের নানা দেশে। সেদিক থেকে ইউরোপিয়ানদের উদ্দেশ্য করে হলেও, সিনেমা আদান-প্রদানের সুযোগ এবং সাংস্কৃতিক মেলবন্ধন সৃষ্টি হচ্ছে এই উত্সবের মাধ্যমে।”
