থিয়েটার আর্ট ইউনিটের ‘না-মানুষি জমিন’
‘নো ম্যানস ল্যান্ড’-- দুই দেশের মাঝখানের এক চিলতে জমি, যার উপর কারও অধিকার নেই। এই জমির উপর দিয়েই এক দেশ কিছু অবাঞ্ছিত মানুষকে ঠেলে দেয় আরেক দেশের ভেতরে। অন্য দেশ সেই মানুষগুলোকে আবার উগরে দেওয়ার চেষ্টা করে। ‘নো ম্যানস ল্যান্ড’-এর মতোই এই মানুষগুলো দেশহীন, ভাগ্যহীন।
এদেরই গল্প নিয়ে তরুণ নাট্যকার সাইফ সুমন নাট্যরূপ করেছেন ‘না-মানুষি জমিন’।
তিনি গ্লিটজকে বলেন, “সীমান্ত তৈরির মাধ্যমে মানুষকে ভাগ করা যায় না। তারপরও রাজনৈতিক সিদ্ধান্তের ফলে সৃষ্টি হয় সাম্প্রদায়িক বিভাজন, সীমান্ত বিভাজন, স্বদেশ-পরদেশ ধারণা, ‘পুশ-ইন’, ‘পুশ-ব্যাক’ খেলা। এর ফল সাধারণ মানুষকেই ভোগ করতে হয়। তাদের কথাই তুলে ধরা হয়েছে নাটকে।”
‘প্রসেনিয়াম’ ফর্মে নাটকটি মঞ্চায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান নির্দেশক। ফর্মের শর্ত মেনেই নিরীক্ষাও চালিয়েছেন তিনি।
মঞ্চ ও পোশাক পরিকল্পনায় বর্তমান সময়কে ধারণ করার চেষ্টা করছেন বলে জানান।
‘না-মানুষি জমিন’ রচনা করা হয়েছে আনিসুল হকের উপন্যাস ‘না-মানুষি জমিন’ অবলম্বনে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রশান্ত হালদার, সুজন রেজাউল, হাসনাত প্রদীপ, রিয়াজ হোসেন, কামাল রায়হান, সৈয়দ অলক, তানিয়া চৌধুরী শিল্পী, শাহনাজ শানু, সুমন মজুমদার, পিয়ার মোহাম্মদ, মোকাদ্দেম মোরশেদ, মাহফুজ সুমন, নূরুজ্জামান বাবু, জায়েদ হোসেন, আকিব বাবু, রুবেল অরভিল, আসিফ মামুর, এস. আর. সম্পদ, সজীব আহমেদ, সজল চৌধুরী, প্রপা হালদার ও আদিব মাসুদ।
সাইফ সুমন রবীন্দ্রনাথের ‘জুতা আবিষ্কার’ অবলম্বনে ‘মগজ সমাচার’ নির্দেশনা দিয়েছেন এর আগে। দলের প্রায় সবকটি প্রযোজনাতেই অভিনয় করছেন ১৫ বছর ধরে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে ‘না মানুষি জমিন’ –এর উদ্বোধনী মঞ্চায়ন ১৫ মে সন্ধ্যা ৭টায়।
থিয়েটার আর্ট ইউনিটের ১৬তম প্রযোজনা নাটকটি। দলটি প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে। এ পযর্ন্ত তারা ‘কোর্ট মার্শাল’, ‘আমিনা সুন্দরী’, ‘গোলাপজান’-সহ ১৬টি মঞ্চ ও পথনাটক প্রযোজনা করেছে।
