বলিউডে মায়ের ছেলেরা
ইংরেজিতে বলা হয় ‘লাইক ফাদার লাইক সন’ অর্থাৎ যেমন বাবা তেমন ছেলে। এই উপমহাদেশে ছেলেরা বাবার পেশাকে আপন করে নেবে এটাই যেন নিয়ম। কিন্তু সে রীতি ভেঙে মায়ের দেখানো পথে হেঁটে মুম্বাই সিনেপাড়ায় কাজ শুরু করেছেন বেশ কয়েকজন।
বাবা মনসুর আলী খান পতৌদি ছিলেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেইন। কিন্তু ‘ছোটে নবাব’ সাইফ আলী খান বেছে নিয়েছেন মা শর্মিলা ঠাকুরের পেশাকেই। অভিনেতা হিসেবে তার অভিষেক হয় ১৯৯২ সালে ‘পারামপারা’ সিনেমার মাধ্যমে।
তবে মায়ের মতো শুরুতেই বাজিমাত করতে পারেননি তিনি। ‘ক্যায়া কেহনা’, ‘দিল চাহতা হ্যায়’, ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ এবং ‘কাল হো না হো’র মতো হিট সিনেমায় তার অভিনয় প্রশংসিত হলেও মূল চরিত্রে অভিনয়ের সুযোগ মেলেনি।
২০০৪ কুনাল কোহলি পরিচালিত ‘হাম তুম’ একক নায়ক হিসেবে সাইফের প্রথম ব্যবসাসফল সিনেমা। ছবিটি তাকে এনে সেরা অভিনতার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
ছয়টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডজয়ী এই অভিনেতা মা শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করেছেন ‘একলব্য: দ্য রয়্যাল গার্ড’ এবং ‘আশিক আওয়ারা’তে। অভিনয়ের পাশাপাশি এখন প্রযোজনা করছেন সাইফ।
হিন্দি সিনেমার স্বর্ণযুগের নায়িকাদের মধ্যে অন্যতম নুতনের নাম অনেকেরই জানা। মায়ের মতো প্রধান চরিত্রে সফল হতে না পারলেও তবে কয়েক দশক ধরে হিন্দি সিনেমায় অভিনয় করে যাচ্ছেন নুতনপুত্র মনিশ বেহেল।
এক নামে তাকে না চিনলেও হিন্দি সিনেমার নিয়মিত দর্শকদের কাছে তার চেহারা মোটেও অপরিচিত নয়। আশির দশকের শুরুতে পা রাখেন বলিউডে। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমায় খলচরিত্রে, ‘হাম আপকে হ্যায় কওন’ ভাইয়ের চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। এরপর ‘দিওয়ানা’, ‘সাবসে বাড়া খিলাড়ি’, ‘রাজা হিন্দুস্তানি’র মতো সিনেমায় অভিনয় করেছেন।
এছাড়া ছোটপর্দায়ও চোখে পড়ে এই অভিনেতাকে। মেডিকেল ড্রামা ‘সাঞ্জিভানি’ এবং ‘কুছ তো লোগ কাহেঙ্গে’র মাধ্যমে ইতোমধ্যেই টিভি দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন এই অভিনেতা।
ফারহান আখতার
কবি, গীতিকার জাভেদ আখতারের ছেলে হিসেবে ফারহান আখতারকে চেনেন অনেকেই । অনেকেই হয়তো জানেন না ফারহানের মা চিত্রনাট্যকার হানি ইরানির ক্যারিয়ারের শুরুটা হয়ে শিশু অভিনেত্রী হিসেবে।
ফারহান অনেকটা দেরিতেই অভিনয় জগতে পা রাখেন। তার প্রথম পেশা এবং নেশা ছিল পরিচালনা। নির্মাণ করেছেন ‘দিল চাহতা হ্যায়’ ও ‘ডন’ সিরিজ ।
ফারহান প্রথম ক্যামেরার সামনে আসেন ২০০৮ সালে ‘রক অন’ সিনেমার মাধ্যমে। এই সিনেমার মাধ্যমে শুধু অভিনেতা হিসেবেই নয়, গায়ক হিসেবেও অভিষেক হয় তার।
এ বছর ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমায় ‘দ্য ফ্লাইং শিখ’ মিলখা সিংয়ের ভূমিকায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেযারসহ প্রায় সব অ্যাওয়ার্ডেই রাজত্ব করেছেন এই অভিনেতা।
তানুজ ভিরওয়ানি
অভিনেত্রী রতি অগ্নিহোত্রীর ছেলে তানুজ এখনও বলিউডে তেমন পরিচিত হয়ে ওঠেননি। কারণ ২৭ বছর বয়সী এই অভিনেতার ক্যারিয়ার শুরু হয়েছে সবেমাত্র ২০১৩ সালে, ‘লাভ ইউ সোনিয়ো’র মাধ্যমে।
এ বছর মুক্তি পেয়েছে তার দ্বিতীয় সিনেমা ‘পুরানি জিন্স’, কিন্তু বক্স অফিসে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি একটিও।
স্থপতি বাবা অনিল ভিরওয়ানির ছেলে তনুজ নিজেকে মায়ের ভক্ত বলেই স্বীকার করেন। আশা রাখেন, মায়ের মতো সফল হতে পারবেন একদিন। ক্যারিয়ারের শুরুতে তেমন সুবিধা করতে না পারলেও শিডিউল খালি নেই উঠতি এই অভিনেতার। সম্প্রতি ইরস ইন্টারন্যাশনালের সঙ্গে তিন বছরের চুক্তি স্বাক্ষর করেছেন তনুজ।
গুজরাটি এবং মারাঠি ফিল্মের পাশাপাশি হিন্দি সিনেমা এবং টিভিতেও নিয়মিত কাজ করেছেন একসময়ের অভিনেত্রী অঞ্জনা মুমতাজ। মায়ের দেখিয়ে দেওয়া পথে হাঁটছেন ছেলে রুসলানও।
তবে সাত বছরের ফিল্মি ক্যারিয়ারে এখনও তেমন কিছু করতে পারেননি তিনি। ২০০৭ সালে ‘এমপিথ্রি: মেরা পেহলা পেহলা পেয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন রুসলান। এরপর থেকে মুক্তি পেয়েছে তার পাঁচটি সিনেমা, আর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে প্রতিটি।
তবে টিভি দর্শকদের কাছে রুসলান এখন চেনা মুখ, যা সম্ভব হয়েছে মেগা সিরিয়াল ‘দিল কেহতা হ্যায় জি লে জারা’র মাধ্যমে। কাজ করছেন মনোজ বাজপায়ির সঙ্গে ‘এনকাউন্টার’ সিরিজে।
টিভির পাশাপাশি বলিউডে সাফল্য পাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন রুসলান, শুটিং করছেন রোমান্টিক কমেডি ‘রোমিও ইডিয়ট জাথানি জুলিয়েট’-এর।
