চলচ্চিত্রে মা
রুশ সীমান্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজেছে। নাৎসি বাহিনীর অশুভ আক্রমণ থেকে দেশমাতৃকাকে বাঁচাতে প্রাণপণ লড়ছে রুশ সেনারা। খুব অল্প সময়ের ছুটি নিয়ে গ্রামে মাকে দেখতে এসেছে এক তরুণ সৈনিক। সে তার মায়ের একমাত্র সন্তান। মায়ের জন্য নিয়ে যাচ্ছে একটুকরো রুটি, যুদ্ধের বাজারে যা দুষ্প্রাপ্য।
অনেক বাধাবিপত্তি পেরিয়ে সে মায়ের কাছে পৌঁছায় ঠিকই। কিন্তু কিছুটা সময় কাটিয়ে আবার তাকে রওনা হতে হয় যুদ্ধক্ষেত্রে। ছেলেকে একটু দেখার জন্য মা গাড়ির পিছু পিছু ছুটে আসেন সদর রাস্তায়। যতক্ষণ ছেলেকে দেখা যায় তাকিয়ে থাকেন পথের দিকে। দেশমাতৃকাকে বাঁচাতে মা উৎসর্গ করে নিজের সন্তানকে। রূশ সিনেমা ‘ব্যালাড অফ এ সোলজার’ শোনায় মা ও ছেলের আত্মত্যাগের গল্প।
বিশ্বের বিভিন্ন ভাষার চলচ্চিত্রে নানাভাবে উঠে এসেছে মা ও সন্তানের বহুমুখী সম্পর্কের চিত্র। বস্তুত নরনারীর প্রেমের পর চলচ্চিত্রের সবচেয়ে বেশি ব্যবহৃত বিষয়বস্তু সম্ভবত মা ও সন্তানের সম্পর্ক।
হলিউড, বলিউড আর বাংলা চলচ্চিত্রে মাকে কেন্দ্র করে গড়ে ওঠা কাহিনির সংখ্যা যেমন কম নয় তেমনি অন্য বিষয়ক চলচ্চিত্রেও মায়ের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
বলিউডের চলচ্চিত্রে মাকে কেন্দ্র করে অথবা মাকে চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ ভূমিকায় রেখে অসংখ্য সিনেমা নির্মিত হয়েছে। মায়ের ভূমিকায় অভিনয় করে অনেক অভিনেত্রী পেয়েছেন সম্মান ও দর্শকের ভালোবাসা।
‘মাদার ইন্ডিয়া’ সিনেমায় রোমান্টিক নায়িকা হিসেবে পরিচিত নার্গিস আবির্ভূত হন শ্বাশত মায়ের ভূমিকায়। তার দুই পুত্রের ভূমিকায় অভিনয় করেন সুনীল দত্ত ও রাজেন্দ্র কুমার। সিনেমাটি আন্তর্জাতিকভাবে খ্যাতি ও সম্মান অর্জন করে।
বাংলা ‘উত্তর ফাল্গুনি’ সিনেমার হিন্দি রিমেক ‘মমতা’য় দেখা যায় মা রূপে সুচিত্রা সেনকে। অবস্থার ফেরে বাইজি বনে যাওয়া মা তার বদনামের ছায়া থেকে সন্তানকে দূরে রাখতে বদ্ধপরিকর। ‘মমতা’ সুচিত্রা সেনকে এনে দেয় প্রভূত সম্মান।
মহাশ্বেতা দেবীর উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হাজার চুরাশির মা’ চলচ্চিত্রে অসামান্য অভিনয় করে খ্যাতি ও সম্মান জিতে নিয়েছেন জয়া বচ্চন। ‘নকশাল’ ছেলের মা হিসেবে তার অভিনয় ছিল অনবদ্য।
‘দিওয়ার’ সিনেমায় অমিতাভ বচ্চনের উদ্দেশ্যে শশী কাপুরের কণ্ঠে উচ্চারিত সংলাপ ‘মেরে পাস মা হ্যায়’ পরিণত হয় ক্ল্যাসিকে। সেখানে মা নিরুপা রয়কে কেন্দ্র করে দুই ভাইয়ের আবেগ ও ন্যায় অন্যায়ের দ্বন্দ্ব কাহিনির মূল গতিকে নিয়ন্ত্রণ করে। একই ধরনের সংলাপ ‘রামলক্ষণ’ সিনেমায় বিপথগামী ভাই অনিল কাপুরের উদ্দেশ্যে উচ্চারণ করেন সৎ পুলিশ অফিসার ভাই জ্যাকিশ্রফ। তাদের দ্বন্দ্ব মায়ের স্নেহকে কেন্দ্র করে। আবার ‘অগ্নিপথ’ সিনেমাতে সমাজের প্রচলিত রীতিনীতির বিরোধী বিজয় চৌহানের সব আবেগ আবর্তিত হয় মাকে ঘিরে।
‘আরাধনা’ সিনেমায় কুমারী মা শর্মিলা ঠাকুর সমাজের তিরষ্কার থেকে সন্তানকে বাঁচাতে দৃঢ় প্রতিজ্ঞ। ‘রাম তেরি গঙ্গা মাইলি’তে আরেক কুমারী মা গঙ্গা রূপী মন্দাকিনি নবজাতককে নিয়ে বিপর্যস্ত। ‘প্রেমগ্রন্থ’ সিনেমায় মৃত সন্তানের কবর খোঁড়ার দৃশ্যে অনবদ্য অভিনয় মাধুরী দিক্শিতের। তেমনি ‘শক্তি-দ্য পাওয়ার’ ছবিতে গোষ্ঠিগত সন্ত্রাস থেকে সন্তানকে বাঁচাতে মরিয়া মা কারিশমা কাপুর। ‘কারান-অর্জুন’ এ যেন মা রাখির প্রার্থনাতেই মৃত্যুর পরও আবার জন্ম নেয় শাহরুখ ও সালমান খান। ‘আ গালে লাগ যা’ সিনেমায় মা শর্মিলা ঠাকুর ও জন্মলগ্নে পরিত্যক্ত সন্তানের আবেগ তুলে ধরা হয়েছে। ‘মা’ সিনেমায় শিশু সন্তানকে বাঁচাতে মৃত মায়ের আত্মা ফিরে আসে বারে বারে। বিদেহী মায়ের ভুমিকায় জয়া প্রদা দর্শক হৃদয়কে আলোড়িত করেন নিঃসন্দেহে।
মা ও স্ত্রী হিসেবে কর্তব্যের দ্বন্দ্ব তুলে ধরেছেন অভিনেত্রী রাখি ‘শক্তি’ সিনেমাতে। পুলিশ অফিসার স্বামী দিলিপ কুমার ও অপরাধী সন্তান অমিতাভ বচ্চনের লড়াইয়ে অসহায় মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
মা ও সন্তানের চিরন্তন সম্পর্ক তুলে ধরা হয়েছে ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে। এখানে মায়ের ভূমিকায় জয়া বচ্চন এবং ছেলের ভূমিকায় শাহরুখ খানের অভিনয় ছিল আবেগঘন। যদিও কাহিনি অনুসারে জয়া বচ্চনের দত্তক সন্তান ছিল শাহরুখ। আবার মায়ের অতি আদরে ও অন্যায় প্রশ্রয়ে দুর্বৃত্ত বনে যাওয়া সন্তানের চিত্র দেখানো হয়েছে ‘খলনায়ক’ সিনেমায়। সেখানে রাখি এবং সঞ্জয় দত্তের সুঅভিনয় সিনেমাটির অন্যতম সম্পদ।
সারোগেট মাদারের কাহিনি নিয়ে গড়ে উঠেছে গুলজারের ‘ফিলহাল’ সিনেমা। এতে সারোগেট মাদারের ভূমিকায় সুস্মিতা সেন চমৎকার অভিনয় করেছিলেন। ‘চোরি চোরি চুপকে চুপকে’ সিনেমাতে সারোগেট মাদারের ভূমিকায় প্রীতি জিনতা তার সন্তানকে রানি মুখার্জির হাতে তুলে দিতে কুণ্ঠিত। যদিও টাকার বিনিময়ে সন্তান দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। প্রথমদিকে টাকা তার কাছে প্রধান হলেও পরবর্তীতে মাতৃত্বের পবিত্রতার অনুভূতি তার মধ্যে জাগিয়ে তোলে সত্যিকারের মাতৃসত্বাকে।
‘ওম জায় জগদিশ’ সিনেমায় দেখা যায় তিনভাইয়ের ঐক্যের মূলে রয়েছে মা ওয়াহিদা রহমানের প্রতি তীব্র আবেগ। ‘কোই মিল গায়া’তে বুদ্বিপ্রতিবন্ধী সন্তানকে আগলে রাখেন মা রেখা।
হিন্দি ছবিতে বিভিন্ন সময়ে মায়ের চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন ললিতা পাওয়ার, লীলা চিতনিশ, নিরুপা রয়, তাবাস্সুম, রাখি, ফরিদা জালাল। কলকাতার বাংলা সিনেমায় ছায়া দেবী, মলিনা দেবী, সন্ধ্যা রাণী, সন্ধ্যা রায় মায়ের ভূমিকায় ছিলেন আদর্শ। বাংলাদেশের সিনেমায় রোজী সামাদ, আনোয়ারা, মিনু রহমান, শর্মিলী আহমেদ মায়ের ভূমিকায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন।
‘হেয়ারস্প্রে’ সিনেমাটিও মা-সন্তানের সম্পর্কের অনবদ্য চিত্ররূপ।
মা-সন্তানের সম্পর্কের টানাপড়েন, দাম্পত্যে বিশ্বাসঘাতকতা, মায়ের আত্মত্যাগ সবমিলিয়ে ক্ল্যাসিকে পরিণত হয়েছে ‘টার্মস অফ এনডেয়ারমেন্ট’। এই সিনেমা শার্লি ম্যাকলেইনকে এনে দেয় সেরা অভিনেত্রীর অস্কার।
একই সঙ্গে মনে পড়ে ‘টু উইমেন’ সিনেমায় মা ও মেয়ের একই সঙ্গে ধর্ষণের শিকার হওয়ার বেদনা এবং সেইসঙ্গে সোফিয়া লরেনের অসাধারণ অভিনয়।
‘ড্যান্সার ইন দ্য ডার্ক’ সিনেমাটিও মায়ের আত্মত্যাগকে তুলে ধরা একটি অনন্য সিনেমা।‘মিল্ড্রেড পিয়ার্স’ আরেকটি ক্ল্যাসিক সিনেমা যেখানে সন্তানের জন্য আত্মত্যাগী মাকে দেখা যায়।
১৯৪২ এ মুক্তি পাওয়া ডিজনির একটি ক্ল্যাসিক অ্যানিমেটেড ফিল্ম ‘বামবি’র কথা এ প্রসঙ্গে মনে পড়ছে। হরিণশাবক ‘বামবি’ এবং তার মায়ের বনপ্রান্তরে ছুটে বেড়ানোর দৃশ্য সববয়সী দর্শকের মনে ভালোলাগার সৃষ্টি করে। আবার শিকারীর গুলিতে বামবির মায়ের মৃত্যু এবং মাহারা বামবির আকুলতা ব্যথিত করে প্রচণ্ডভাবে।
অবশ্য হলিউডে অন্যরকম মায়ের ভূমিকাও দেখা গেছে। ‘দ্য মাঞ্চুরিয়ান ক্যান্ডিডেট’ সিনেমায় দেখা যায় ক্ষমতালোভী, দুর্দান্ত নিষ্ঠুর এক মাকে। এই ভূমিকায় অভিনয় করে অ্যাঞ্জেলা ল্যান্সবেরি সেরা অভিনেত্রীর অস্কার নমিনেশন পেয়েছিলেন।
মাতৃত্ব অনেকসময় হয়ে দাঁড়াতে পারে আতঙ্কজনক। রোমান পলনস্কির সাইকোলজিক্যাল হরর ‘রোজমেরি’স বেবি’ সেই আতঙ্ককে তুলে ধরে। গর্ভের সন্তান কোন অশুভ শক্তির ছায়া - একদিকে এই আতঙ্ক অন্যদিকে গর্ভস্থ সন্তানের প্রতি অপত্য স্নেহ, সবমিলিয়ে জটিল এক চরিত্রের রূপদান করে খ্যাতি অর্জন করেন অভিনেত্রী মিয়া ফ্যারো।
মা-সন্তানের সম্পর্ক নিয়ে আরেকটি ক্ল্যাসিক সিনেমা ‘স্টেলা ডালাস’। সামাজিক শ্রেণিবিভেদ ও মা-কন্যার সম্পর্কের টানাপোড়েন তুলে ধরে অনন্য এই সিনেমা।
‘বড় মা’, ‘মায়ের দাবী’, ‘আম্মাজান’, ‘আমার মা’, ‘মায়ের চোখ’, ‘মায়ের দোয়া’, ‘মায়ের কসম’ ‘মায়ের মর্যাদা’,‘মা বাবার স্বপ্ন’,‘মায়ের স্বপ্ন, ‘মাতৃত্ব’, ‘মা আমার স্বর্গ’, ‘আমার মা আমার অহংকার’ এমনি অনেক সিনেমা ঢাকায় নির্মিত হয়েছে। তবে এসব সিনেমার অধিকাংশতেই মাকে একটি ছাঁচে ঢালাই করা হয়েছে। মা মানেই সন্তানের জন্য সর্বত্যাগী এবং স্বকীয়তাহীন-এই দৃষ্টিভঙ্গী মূলত পুরুষতান্ত্রিক সমাজের আদর্শিক ফ্রেমে মাকে আবদ্ধ করে ফেলে। একথা বলিউড ও বাংলাদেশের অনেক ছবির ক্ষেত্রেই প্রযোজ্য। মায়ের রয়েছে স্বতন্ত্র ব্যক্তিত্ব ও অধিকার। কিন্তু বাণিজ্যিক ধারায় নির্মিত সিনেমাগুলো মায়ের প্রতি দর্শকের শ্রদ্ধা ও আবেগকে ব্যবহার করে এবং সমাজের প্রচলিত রীতিনীতিকে দৃঢ় করে মাত্র। পুরুষতান্ত্রিক সমাজের ছাঁচে ঢালা মায়ের চরিত্রগুলো মাকে ক্ষমতাবান করে না বা মায়ের অধিকারের পক্ষে দাঁড়ায় না বরং মাকে আরও পরনির্ভরশীল হতে উদ্বুদ্ধ করে।
