২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখ খুললেন মিলা কুনিস

গণমাধ্যমে ফিসফাস চলছে বহুদিন ধরেই। তবে নিজের মুখে কখনও সুখবরটি দেননি তিনি। শেষপর্যন্ত এলেন ডিজেনেরেসের অনুষ্ঠানে বলেই ফেললেন এ বছরই পৃথিবীর আলো দেখবে তার সন্তান।

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 12:24 PM

Updated : 13 Oct 2022, 12:05 PM

কথা হচ্ছে ‘ফ্রেন্ডস উইথ বেনিফিটস’ তারকা মিলা কুনিসকে নিয়ে। প্রেমিক ও সন্তানের বাবা অ্যাশটন কুচারের সঙ্গে বাগদানও সেরে ফেলেছেন তিনি। 'দ্য এলেন ডিজেনেরস শো’তে খোলাখুলি আলাপ করলেন সন্তানসম্ভবা হওয়ার পর তার অনুভূতি এবং তার ও কুচারের সব পরিকল্পনা নিয়ে। 

এরই মধ্যে বাচ্চার নাম ঠিক করে ফেলেছেন তারা। এছাড়া বাড়িতে প্রশিক্ষক রেখে রুশ ভাষা শিখছেন কুচার। কারণ ইউক্রেনিয়ান কুনিসের মাতৃভাষা রুশ। তাই বাচ্চার সঙ্গে রুশ ও ইংরেজি দুই ভাষাতেই কথা বলতে চান 'টু অ্যান্ড হাফ মেন’ তারকা। 

কুনিস আরও বললেন, কোনো অঘটন না ঘটলে বাচ্চাকে প্রাকৃতিকভাবেই জন্ম দিতে চান তিনি। 'অজ: দ্য গ্রেট অ্যান্ড দ্য পাওয়ারফুল’-এর দুর্ধর্ষ এই ডাকিনীর মন্তব্য, বাচ্চা জন্ম দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ তার। তাই তিনি চান এ প্রক্রিয়ায় যতটা সম্ভব আর কারও হস্তক্ষেপ না থাকুক। 

১৯৯৮ সালে টিভি সিরিজ ‘দ্যাট সেভেনটিস শো’তে অভিনয় করতে গিয়ে প্রথম দেখা হয় কুনিস ও কুচারের।

২০০৬ সাল পর্যন্ত একসঙ্গে কাজ করলেও সম্পর্কটা প্রেমে গড়ায়নি। 'হোম অ্যালোন’ তারকা ম্যাকলে কালকিনের সঙ্গে ৭ বছর প্রেম করেন কুনিস।

অন্যদিকে ১৬ বছরের বড় ডেমি মুরের সঙ্গে কুচারের প্রেম বিয়েতে পরিণতি পেলেও অবশেষে ডিভোর্সে গড়ায়। ২০১২’র সে সময়টাতেই কাছাকাছি চলে আসেন পুরনো এই দুই বন্ধু। যদিও নিজেদের সম্পর্কের ব্যাপারে কখনও গণমাধ্যমে মুখ খোলেননি তারা।