মিমির সাতসতেরো
নাটক, টেলিফিল্ম নির্মাণের সাফল্যে ভর করেই ২০১১ সালে চলচ্চিত্র নির্মাণের কাজে হাত দেন আফসানা মিমি। সাড়ে তিন বছরে সেই সিনেমার কাজ এগিয়েছে ৫০ ভাগ। মাঝে নির্মাণ করেছেন রন্ধন ঐতিহ্যবিষয়ক অনুষ্ঠান ‘নস্টালজিয়া - বাঙালির ভোজন’।
মিমি গ্লিটজকে বলেন, “সিনেমার শুটিং পিরিয়ড হচ্ছে সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাস পযর্ন্ত। গত বছর শুটিং করতে পারিনি। ওই সময়টায় বসে না থেকে নস্টালজিয়ার কাজ ধরলাম। মুন্নীও খুব করে চাচ্ছিল কাজটা হোক।”
‘নস্টালজিয়া’ অনুষ্ঠানটির মূল ভাবনা সাংবাদিক মুন্নী সাহার।
মিমি জানান, এমন একটি অনুষ্ঠানের ভাবনা ‘মুন্নী ছয় বছর ধরে বয়ে বেড়াচ্ছেন’। তার পীড়াপীড়িতেই অনুষ্ঠানটি নির্মাণের দায়িত্ব নিতে বাধ্য হন তিনি।
অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে চন্দ্রশেখর সাহাকে।
মুহাম্মদ জাফর ইকবালের ‘ক্যাম্প’ উপন্যাস অবলম্বনে মুক্তিযুদ্ধের কাহিনিনির্ভর সিনেমা ‘রান’ নির্মাণ শুরু হয় ২০১১ সালে। এর চিত্রনাট্য তৈরি করেছেন অভিনেতা ও নির্মাতা আজাদ আবুল কালাম।
মিমি বলছেন, “এবারের সেপ্টেম্বর থেকে শেষ লটের শুটিং শুরু হবে। এরপর পোস্ট প্রোডাকশনের কাজ শেষে মুক্তি।”
সিনেমাটিতে অভিনয় করছেন ডলি জহুর, সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন, আজিজুল হাকিম, ইন্তেখাব দিনার, রাহুল আনন্দ, সানজিদা প্রীতি এবং ভারতের সব্যসাচী চক্রবর্তী, প্রিয়াংশু চ্যাটার্জিসহ আরও অনেকে।
নস্টালজিয়ার পাশাপাশি ধারাবাহিক ডলস হাউজের দ্বিতীয় সিজনের কাজও শেষ করেছেন মিমি। এবারের গল্পের চিত্রায়ণে বেশ পরিবর্তন আনা হয়েছে।
তিনি বলেন, “৫২ পর্বের শুটিং শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা পেয়ে যাবেন সবাই।”
আফসানা মিমি ২০০০ সালে ‘বন্ধন’ ধারাবাহিক দিয়ে পরিচালকের খাতায় নাম লেখান। এরপর তিনি নির্মাণ করেন ‘গৃহগল্প’, ‘সাড়ে তিনতলা’, ‘কাছের মানুষ’, ‘ডলস হাউজ’ ও ‘পৌষ ফাগুনের পালা’ ধারাবাহিক।
