এক টুইটেই প্রায় তিন লাখ অনুসারী
সিনেমার দৃশ্যে হরহামেশাই এক গুলিতে তিনজনকে কুপোকাৎ করেন রজনিকান্ত। মাইক্রোব্লগিং সাইট টুইটারে সিনেমার মতোই খেলা দেখিয়েছেন এই তামিল সুপারস্টার। এক টুইটেই তাকে অনুসরণ করছে ২ লাখ ৮৯ হাজার মানুষ।
বিবিসি বলছে, ভারতে চলমান নির্বাচনী মৌসুমেও রজনিকান্তের টুইটার অভিষেকের কথা সবার মুখে মুখে ফিরছে। ৫ মে রজনিকান্তের টুইটার অ্যাকাউন্ট খোলা মাত্রই তাকে অনুসরণ করতে শুরু করেন ১ লাখেরও বেশি মানুষ। এখন পর্যন্ত তার করা একটি টুইটই রিটুইট করা হয়েছে ১১ হাজারেরও বেশিবার। এমনকি, ভারতের জন্য টু্ইটারের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকেও তাকে জানানো হয়েছে উষ্ণ অভ্যর্থনা। কৌতুকের সুরে অনেকেই এখন বলছেন, টুইটারে রজনিকান্ত নন, বরং রজনিকান্তেই এখন ‘জয়েন’ করেছে টুইটার!
এদিকে, তার অভিনীত নতুন সিনেমা ‘কোচাডাইয়ান’ মুক্তি পাওয়ার আগ দিয়ে অনেকটা আকষ্মিকভাবেই রজনিকান্তের টু্ইটারে আসাটাকে অনেকে দেখছেন প্রচারণার কৌশল হিসেবে। বিশেষ করে রজনিকান্তের অ্যাকাউন্টের ওয়ালপেপার সিনেমাটির পোস্টার হওয়ায় এই আলোচনার পালে হাওয়া লেগেছে আরও।
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি, সাধারণভাবে যা ‘কলিউড’ নামেই পরিচিত, সেখানে প্রায় চারদশক ধরে অনেকটা রাজত্বেই করছেন রজনিকান্ত। তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন ছিল না কোনোকালেই। সাম্প্রতিক সময়ে ‘এন্থিরান’ (আন্তর্জাতিকভাবে যে সিনেমা মুক্তি পায় ‘রোবট’ নামে) দিয়ে বিশ্বব্যাপী ভক্ত তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি। আর তাই তামিল দর্শকদের কাছে ‘ঈশ্বর’-এর মর্যাদা পাওয়া রজনিকান্তের এই ডিজিটাল পদক্ষেপও সাদরে গ্রহণ করেছেন তারা।
তবে, টুইটারে তার উপস্থিতি সামলানোর ভার দেওয়া হয়েছে এক জনসংযোগ প্রতিষ্ঠানকে খবরটি প্রকাশ হওয়ার পর থেকে রজনিকান্তের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের মতে, এতে করে ভক্তদের সঙ্গে তার সত্যিকারের যোগাযোগ প্রতিষ্ঠিত হবে না।
ব্যাবসায়িক কৌশল বিশ্লেষক হারিশ বিজুর এ প্রসঙ্গে বলেন, “রজনিকান্ত তামিলনাড়ুতে ‘ঈশ্বর’ হিসেবে বিবেচিত হন-- যিনি কোন ভুল করতে পারেন না। তবে, পিআর এজেন্সিকে দিয়ে অ্যাকাউন্ট সামলানোর যে চল তিনি শুরু করলেন, তা খুবই নেতিবাচক। টুইটার আসলে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম। এখন যদি অন্য কেউ তার হয়ে কাজটি করে দেয়, তাহলে তো এটি আসলে গণমাধ্যম হয়ে যায়। তখন বিষয়টিকে নিছক প্রচারণা ছাড়া আর কিছু বলা যায় না।”
