“নাচ-গান ছাড়া সিনেমা জমে না”
ভারতীয় সিনেমা মানেই ‘নাচে-গানে ভরপুর’, এখন আর সে কথা বলা চলে না। সিনেমার বৈশ্বিক ধারার সঙ্গে মিল রেখে এই অনন্য বৈশিষ্ট্য ঝেড়ে ফেলছে অনেক ভারতীয় সিনেমা। কিন্তু অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান মনে করেন, গানের ব্যবহার সিনেমার প্রতি দর্শকের আকর্ষণ বাড়ায়।
রাহমান বলেন, “বর্তমানে ভারতে গানবিহীন সিনেমা তৈরি শুরু হয়েছে । কিন্তু যখন আপনি একটি সিনেমায় নাচ-গান দেখেন, তখন আপনার সিনেমাটি আরও একবার দেখতে ইচ্ছে করে। এমনকি তা অনেকবার দেখার পরও আবার দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। কিন্তু একটি সিনেমা যেখানে কোনো নাচ-গান নেই, তা আপনি এক-দুবারের বেশি দেখবেন না। একটি সিনেমাকে দর্শকের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য সংগীত একটি বড় ভূমিকা রাখে।”
রাহমানের সংগীত পরিচালনায় ডিজনির ‘মিলিয়ন ডলার আর্ম’ যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ১০ মে। হলিউডি ধাঁচের বাইরে গিয়ে বেশ কয়েকটি গানের সংযোজন ঘটিয়েছেন তিনি।
“এই সিনেমার গানগুলোতে হলিউডি আমেজ পাওয়া যাবে শতকরা ৩০ থেকে ৪০ ভাগ, বাকিটা পুরোই ভারতীয়। ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এ যেভাবে কাজ করেছি, এখানেও সে রকমই হবে। এখানে অনেক গান থাকবে, তবে ‘জয় হো’ গানটির মতো নয়।”
‘মিলিয়ন ডলার আর্ম’ পরিচালনা করেছেন গ্রেগ গেলিসপি, এতে অভিনয় করেছেন টেলিভিশন সিরিজ ‘ম্যাড মেন’ তারকা জন হ্যাম। এখানে দেখা যাবে একজন মার্কিন স্পোর্টস এজেন্টকে, যিনি বেসবল খেলোয়াড়ের খোঁজে ভারতে যান।
‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘এলিজাবেথ: দ্য গোল্ডেন এইজ’, ‘ওয়ান টোয়েন্টি সেভেন আওয়ারস’, ‘কাপলস রিট্রিট’, ‘পিপল লাইক আস’-এর মতো সিনেমায় সংগীত দেওয়া রাহমান বলেন, ‘মিলিয়ন ডলার আর্ম’-এ তিনি এমন কিছু করতে চাচ্ছিলেন, যাতে সংগীতে পশ্চিমা আমেজের পাশাপাশি ভারতীয় সংস্কৃতিরও প্রতিফলন ঘটে।
“আমি ইতোমধ্যেই নানা ধরনের হলিউডি মুভিতে সংগীত দিয়েছি। কমেডি থেকে শুরু করে অ্যাডভেঞ্চার-- এমনকি মিউজিক্যালেও কাজ করেছি। বলা যায়, আমি সব ধরনের সিনেমাতেই সংগীত দিয়েছি। তবে এবার আমি ভারতীয় এবং পশ্চিমা সংস্কৃতির সমন্বয়ে ‘হাইব্রিড’ কিছু তৈরি করতে চেয়েছি।”
সিনেমাটির অধিকাংশ দৃশ্যের শুটিং ভারতে হলেও এটি কোনো ভারতীয় সিনেমা নয় বলে মন্তব্য করেন রাহমান।
‘মিলিয়ন ডলার আর্ম’-এ তামিল সিনেমা ‘থিরাকাথা কাট্টুকুল্লে’র গানের সুর ব্যবহার করেছেন বলেও জানান রাহমান।
“আমি আসলে কখনও চাইনি তামিল সিনেমা থেকে কোনো সুর ব্যবহার করতে। কিন্তু যখন সিনেমাটির পরিচালক এবং সংগীত বিভাগের প্রধান তামিল গানটি শুনলেন, তাদের খুবই ভালো লাগল। আর তখনই আমরা একটি গানে সেই সুর ব্যবহার করলাম।”
রাহমান আরও বলেন, “এবার আমি বেশ কয়েকজন প্রতিভাবান শিল্পীর সঙ্গে কাজ করেছি, যাদের মধ্যে আছেন হিপহপ গায়ক কেন্ড্রিক লামার, অস্ট্রেলিয়ান গায়িকা ইগি আজায়েলা, র্যা প গায়ক ওয়েল। সব মিলিয়ে, পুরো নতুন একটি দলের সঙ্গে কাজ করেছি, আর তাদের সঙ্গে তাল মিলিয়ে কাজ করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
