২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নয় দিনেও জাজের সবুজের সন্ধান মেলেনি

নিখোঁজের পর নয় দিন পেরিয়ে গেলেও চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্মকর্তা আবু বকর সবুজের সন্ধান বের করতে পারেনি পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 07:19 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

এ ঘটনায় মামলার পর সন্দেহভাজন হিসেবে জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শীষ মনোয়ারকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হলেও সবুজের বিষয়ে কোনো অগ্রগতি জানাতে পারেনি পুলিশ। 

প্রথমে মিরপুর থানা পুলিশ তদন্ত করলেও বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এ মামলার তদন্ত করছে।

তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৩ মে তারা আনুষ্ঠানিকভাবে তদন্তের দায়িত্ব পেয়েছেন। তবে প্রথম থেকেই থানা পুলিশের পাশাপাশি তারা ছায়া তদন্ত করছিলেন।

তদন্তে কোনো অগ্রগতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সবুজ যে প্রতিষ্ঠানে চাকরি করেন সে প্রতিষ্ঠানের প্রত্যেকের সঙ্গে কথা বলে তার সম্পর্কে জানার চেষ্টা চলছে।

গত ২৬ এপ্রিল জাজ মাল্টিমিডিয়ার জ্যেষ্ঠ হিসাবরক্ষণ কর্মকর্তা আবু বকর সিদ্দিক ওরফে সবুজ মিরপুর থেকে মগবাজারের কর্মস্থলে যওয়ার পথে নিখোঁজ হন। ঘটনার দিনই মিরপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন সবুজের স্ত্রী সানজিদা। বৃহস্পতিবার কারো নাম উল্লেখ না করে থানায় অপহরণ মামলা করেন তার বাবা আব্দুর রহিম।

শুক্রবার রাতে মিরপুর এলাকা থেকে শীষ মনোয়ারকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। এরপর তাকে দুই দিনের রিমান্ডে পাঠায় আদালত।

সবুজ নিখোঁজের ঘটনায় জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকেও রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।

সবুজের ভাই আলী আকবর মিল্টন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৭ এপ্রিল রাত ১১টায় সবুজের ব্যক্তিগত মোবাইল থেকে (০১৯১২৩৫৩৫৫২) তার তিন বন্ধুর মোবাইলে (০১৭৯০৪৭৮৫১৫, ০১৯১১৩৫৭২৪৩ ও ০১৯১৭৭৩৬৪১২)  ‘মুক্তিপণ’ চেয়ে ম্যাসেজ পাঠানো হয়।

তাতে বলা হয়, “পরিচালক শাহীন সুমন ও তার সহযোগীরা আমাকে কিডন্যাপ করেছে। তারা ১০ কোটি টাকা চাইছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে কিছু জানিও না। তারা কিন্তু সবকিছু পর্যবেক্ষণ করছে।

“তাদের বিরক্ত করো না। তাহলে আমাকে মেরে ফেলবে। মুক্তিপণের টাকার জন্য একটা ভারতীয় ব্যাংক অ্যাকাউন্টের নম্বর পাঠানো হবে।” 

এদিকে এসএমএস প্রসঙ্গে শাহীন সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে। ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত নই। আমার মানসম্মান ক্ষুণ্ন করতেই কেউ এমন বলছে।”

এদিকে শীষ মনোয়ার গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া। তারা বলছে, বলছে, ‘ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে শীষ মনোয়ারকে’।

রোববার সন্ধ্যায় নিজেদের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর প্রধান বিপণন কর্মকর্তা মোনতাহেদুল লিটন খন্দকার পুরো ঘটনাকে ‘রহস্যজনক’ এবং ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দেন।

তিনি বলেন, “চলচ্চিত্র পরিবারের কিছু মানুষজন সময়ে-অসময়ে জাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নির্মম ও মর্মান্তিক একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

“সবুজ অপহরণের ঘটনায় তার পরিবারের পর জাজ পরিবারই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

এ ঘটনায় জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের নিন্দা জানান লিটন।

তিনি বলেন, “আব্দুল আজিজ গ্রেপ্তার হননি। তিনি বেশ অসুস্থ।”

এ ঘটনায় অভিনেত্রী মাহিয়া মাহিকে জড়িয়েও গুজব রটেছিল, এ ঘটনার পর মাহি আত্মগোপনে গেছেন বলে কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে ওই খবরের নিন্দা জানান মাহি।