২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একশ’ কোটি আয়ের পথে ‘টু স্টেটস’

মুক্তির তিন সপ্তাহ পার করার পর একশ’ কোটি রুপির চৌকাঠে পৌঁছে গেছে রোমান্টিক কমেডি ‘টু স্টেটস’।

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 03:39 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

শুধুমাত্র ভারতে তিন সপ্তাহে সিনেমাটি আয় করেছে প্রায় ৯০ কোটি রুপি। বিশ্লেষকদের ধারণা, একশ’ কোটির ক্লাবে ‘টু স্টেটস’-এর অন্তর্ভুক্তিতে আর বেশি দেরি নেই।

প্রায় ৪৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন কারান জোহার এবং সাজিদ নাদিয়াদওয়ালা, পরিবেশনা করেছে ইউটিভি।

১৮ এপ্রিল একযোগে পুরো ভারতে ২ হাজার সিনেমাহলে মুক্তি পায় ‘টু স্টেটস’।

বক্স অফিস বিশ্লেষক তারান আদর্শ মুক্তির তৃতীয় সপ্তাহে ‘টু স্টেটস’ কেমন ব্যবসা করছে তার বিবরণ দিয়েছেন ৪ মে টুইটারে। তিনি জানান, ২ মে শুক্রবার সিনেমাটির আয় হয়েছে ১ কোটি ৬৭ লক্ষ রুপি, যা শনিবার উঠেছে ২ কোটি ৭০ লক্ষে। সব মিলিয়ে এ পর্যন্ত ‘টু স্টেটস’এর আয় ৯১ কোটি ৬৮ লক্ষ।

‘টু স্টেটস’ পরিচালনা করেছেন নতুন নির্মাতা অভিষেক ভারমান। এর কাহিনি নেওয়া হয়েছে ভারতের জনপ্রিয় লেখক চেতন ভাগাতের উপন্যাস ‘টু স্টেটস’ থেকে। সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন ভাগাত নিজে।

অর্জুন কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ‘টু স্টেটস’-এ দেখানো হয়েছে ভারতের দুটি রাজ্য পাঞ্জাব ও তামিলনাড়ুর দুই তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের গল্প।

লেখক চেতন ভাগাতের ভাষ্য অনুযায়ী ‘টু স্টেটস’ তার নিজের জীবনের কাহিনি। ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেন তিনি। প্রেম থেকে বিয়ে পর্যন্ত তাদের এই যাত্রাকে তুলে  ধরেছেন ‘টু স্টেটস’-এ।

এতে আরও অভিনয় করেছেন রনিত রয়, অমৃতা সিং এবং রেবতি।