‘স্পন্সরদের টাকা যায় চ্যানেল কর্মকর্তার পেটে’
‘যথেষ্ট’ বরাদ্দ না থাকায় এক ঘণ্টার নাটক নির্মাণের অনুৎসাহী হয়ে পড়ার কথা জানালেন নাট্যনির্মাতা মানিক মানবিক।
গ্লিটজের সঙ্গে এক আলাপচারিতার মানিক বলেন, স্পন্সররা নাটকের জন্য চ্যানেলগুলোকে যে পরিমাণ টাকা দেন, তার অধিকাংশই চ্যানেলগুলোর অনুষ্ঠান বিভাগের কর্মকর্তাদের পকেটে চলে যায়।
“নাটকের স্পন্সর থেকে যে পরিমাণ টাকা চ্যানেলগুলো পায় তারা সামান্য কিছু পান প্রযোজকরা। নাটকের পরিচালক কত টাকা আর পান! সে টাকা থেকে আবার শিল্পিদের সম্মানী দিতে হয়। পরিচালকে কাছে কিছুই থাকে না।”
মানিক জানান, সিনিয়র নির্মাতাদের জন্য ব্যাপারটি ‘ভীষণ হ্যাঁপা’র বলে মনে করেন তিনি। সেই সঙ্গে নাটকের মান নিয়ন্ত্রণে চ্যানেলগুলো সম্পূর্ণ ব্যর্থ বলেও মনে করেন তিনি।
এছাড়া সরকারি অনুদানে নির্মাণ করছেন শিশুতোষ সিনেমা ‘শোভনের স্বাধীনতা’। সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে বলে জানান তিনি।
মানবিকের ‘কাম টু দ্য পয়েন্ট’ শিরোনামে একটি ধারাবাহিক এসএটিভিতে প্রচারিত হচ্ছে। তার নির্মিত অন্যান্য ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ‘নো প্রবলেম ডট কম’, ‘সংসার সুখের হয় বেদনার গুণে’, ‘বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে’ ইত্যাদি।
মানিক মানবিক পরিচালিত প্রথম নাটক ‘শামসুদ্দিনের একুশ’ প্রচারিত হয় ২০০৭ সালে। তার পরিচালিত ২০টি নাটকের মধ্যে রয়েছে ৩টি ধারাবাহিক। এছাড়াও এ পর্ন্ত ৩০টি নাটকের চিত্রনাট্য লিখেছেন তিনি।
