ব্যস্ত বাপ্পা
সিনেমা’র প্লেব্যাক, নাটকের টাইটেল গান, জিংগেলে কণ্ঠ দেয়ার পাশাপাশি চলছে সংগীত পরিচালনা, একই সঙ্গে কাজ করছেন নিজের একক ও ব্যান্ড ‘দলছুটে’র অ্যালবামের কাজ। সব মিলিয়ে বাপ্পা মজুমদারের যেন দম ফেলার সময় নেই।
'দলছুট' ব্যান্ডের ম্যানেজার শাহান গ্লিটজকে বলেন, “পহেলা বৈশাখেই বাপ্পার একক অ্যালবামটি বের করার পরিকল্পনা ছিল। কিন্তু টিটোয়েন্টি বিশ্বকাপ ও ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীতে’র থিম সং তৈরিতে প্রচুর সময় দিতে হয়েছে। এর ফলে অ্যালবাম বা অন্যান্য কাজে একদমই সময় দিতে পারেননি তিনি। তবে আবার কাজে বসেছেন। সময় নিয়েই কাজটি শেষ করতে চান তিনি।”
অ্যালবামটি কবে বের হবে, এ প্রশ্নে শাহান বলেন, “দিনক্ষণ কিছু আর ঠিক করা হচ্ছে না। কাজ শেষে হলেই সুবিধাজনক সময়ে বাজারে আনার উদ্যোগ নেবো অ্যালবামটি।”
এর আগে বাপ্পা অ্যালবামটি সম্পর্কে জানান, “চার সিডি’র অ্যালবামের নাম ‘বেস্ট অফ বপ্পা’। গান থাকবে মোট ৩২টি, এরমধ্যে ২৮টি পুরাতন।”
শাহান জানান, একক অ্যালবামের কাজ শেষ হলেই ব্যান্ডের অ্যালবামের কাজে হাত দেবেন বাপ্পা।
বাপ্পার সবশেষ একক অ্যালবাম ‘বেঁচে থাক সবুজ’ প্রকাশিত হয় ২০১২ সালের অগাস্ট মাসে। এটি ছিল তার নবম একক অ্যালবাম।
বাপ্পার সংগীত পরিচালনায় একটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম বের হয়েছে সম্প্রতি।
এদিকে ‘দলছুট’র ব্যান্ডের অ্যালবাম ‘আয় আমন্ত্রণ’ প্রকাশিত হয় ২০১০ সালে। এ পর্যন্ত পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছে ব্যান্ডটি।
