২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উডি অ্যালেনের ‘ম্যাজিক ইন দ্য মুনলাইট’

আবারও ফ্রান্সে উডি অ্যালেনের সিনেমার চরিত্ররা। ‘মিডনাইট ইন প্যারিস’-এর পর এবার আসছে ‘ম্যাজিক ইন মুনলাইট’। 

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 07:20 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

সিনেমার গল্প এগিয়েছে এক ব্রিটিশকে ঘিরে, যিনি এক ভণ্ডপীরের মুখোশ খুলতে গিয়ে উল্টো তার প্রেমে পড়ে যান। সুন্দরী এবং চতুর ওই ভণ্ডের ভূমিকায় দেখা যাবে ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী এমা স্টোনকে, অন্য দিকে ‘কিংস স্পিচ’ সিনেমার জন্য অস্কার জেতা অভিনেতা কলিন ফার্থ থাকছেন বারবার প্রেমে ব্যর্থ হওয়া ওই ব্রিটিশ ব্যক্তির ভূমিকায়।

এন্টারটেইনমেন্ট উইকলিকে সিনেমাটি নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালেন জানান অনেকদিন ধরেই এই গল্প ঘুরছিল তার মাথায়, “আমার ড্রয়ারে অনেকদিন ধরেই একটি নোটপেইজ পড়ে ছিল। আমার সবসময়ই মনে হত, সিনেমা তৈরির জন্য এটা ভালো একটা প্লট। কিন্তু আমার বারবারই মনে হয়েছে, এটা একটু বেশিই ‘সাম্প্রতিক’। আর তাই ব্যাপারটি নিয়ে খুঁতখুঁতানি থেকেই যাচ্ছিল আমার মনে।”

“এরপর হঠাৎ করেই মাথায় এল গত শতকের বিশের দশকের দক্ষিণ ফ্রান্সের প্রেক্ষাপটে গল্পটিকে সাজানো যায়। আর তখনই বিষয়টি নিয়ে স্বস্তি বোধ করতে শুরু করলাম আমি।”

‘ম্যানহ্যাটান’, ‘ভিকি ক্রিস্টিনা বার্সেলনা’, ‘মিডনাইট ইন প্যারিস’, ‘টু রোম উইথ লাভ’-এর এই পরিচালকের অনেক সিনেমাতেই উঠে এসেছে ভিন্ন ভিন্ন শহরের গল্প। সেই ধারাবাহিকতায় দক্ষিণ ফ্রান্সে দৃশ্যায়নের মধ্য দিয়ে গত এক দশকে ‘ম্যাজিক ইন দ্য মুনলাইট’ হতে যাচ্ছে অ্যালেনের অষ্টম সিনেমা, যার শুটিং হয়েছে আমেরিকার বাইরে।

এ ব্যাপারে অ্যালেন বলেন, “প্রায় দুর্ঘটনার মাধ্যমেই, সিনেমার জন্য আমি ইউরোপীয় অর্থায়ন পেতে শুরু করি। তখন থেকেই বলতে গেলে, আমি ‘ভিনদেশী পরিচালক’ই বনে গেছি।”

সনি পিকচার্সের প্রযোজনায় সিনেমাটি মুক্তি পাবে জুলাইয়ের ২৫ তারিখ।