‘অশোভন আচরণের’ অভিযোগ
বিশ্বকাপ ক্রিকেট জিতলে ভারতের জাতীয় ক্রিকেট দলের জন্য বিবসনা হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসা পুনম পান্ডেকে গ্রেফতার করার কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছে মুম্বাই পুলিশ।
শুক্রবার রাতে মুম্বাইয়ের এক পার্কের সামনে থেকে ‘অশোভন আচরণের’ অভিযোগে তাকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ; পরে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মুম্বাই শহরতলীর মিরা রোড থেকে পুনমকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে কর্মরত এক পুলিশ অফিসার জানান ওই এলাকা থেকে তাদের কাছে আসা অভিযোগের ভিত্তিতেই সেখানে যান তারা।
পুলিশের বক্তব্য অনুযায়ী, তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, পুনম তখন তার গাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন। পার্কের বাইরে রাখা তার গাড়ির আশপাশ জুড়ে ছিল স্থানীয় মানুষের ভিড়। এরপর তারা পুনমকে মহারাষ্ট্র আইনের ১১০ (জনসমক্ষে অশোভন আচরণ) ও ১১৭ ধারার আওতায় গ্রেপ্তার করে।
পুনম অবশ্য এখনও ‘অশোভন আচরণ’-এর অভিযোগ স্বীকার করছেন না। তার দাবি, ওই সময় গাড়ির ভেতরে বসে গান শুনছিলেন তিনি।
রাত ১১টা ৫২ মিনিটে এ ব্যাপারে করা পুনমের টুইট, “গাড়িতে বসে গান শোনাটা অশোভন আচরণ নয়। দয়া করা আমার ব্যাপারে এসব খবর ছড়ানো বন্ধ করুন।”
একজন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা পুনম আলোচনায় আসেন ২০১২ সালের ক্রিকেট বিশ্বকাপের সময়। ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জিতলে বিবসনা হয়ে দৌড়ানোর ঘোষণা দিয়ে ব্যাপক সমালোচিত হন তিনি। বিক্ষোভের মুখে সেবার বিবসনা হতে না পারলেও পরের বছর আইপিএল-এ শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হলে কাজটি করে দেখিয়েছিলেন তিনি।
বলিউডে পুনমের অভিষেকও হয় ওই বছরেই। ‘নাশা’ নামের সিনেমাটিতে খোলামেলা দৃশ্যে অভিনয় করেও আলোচনায় আসেন তিনি।
