পটুয়াখালীতে নাট্যোৎসব
রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষ্যে ১২ দিনব্যাপী নাট্যোৎসব আয়োজন করেছে পটুয়াখালীর সাংস্কৃতিক সংগঠন 'সাহসিক'। বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উৎসব উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।
“চেতনার সকাশে, মননের বিকাশে’’ শীর্ষক এ নাট্যোৎসবে ঢাকার প্রাঙ্গণে মোর, আরণ্যক, মহাকাল নাট্য সম্প্রদায়, সুবচন নাট্য সংসদ, নাট্যম রেপার্টরি, থিয়েটার আর্ট ইউনিটের পাশাপাশি অংশ নিচ্ছে চট্টগ্রামের গণায়ন নাট্য সম্প্রদায়,পটুয়াখালীর গলাচিপা থিয়েটার, বরিশালের বরিশাল নাটক এবং বরগুনা থিয়েটার। থাকছে সাহসিকের নাটকও।
এবারের উৎসবে পটুয়াখালীর দুই নাট্য ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করবে সাহসিক। তারা হলেন নির্মল কুমার দাশগুপ্ত মন্টু এবং গাজী মঈনউদ্দিন টারজান।
উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় প্রাঙ্গণে মোর মঞ্চস্থ করে নাটক ‘শেষের কবিতা’। শুক্রবার মঞ্চস্থ হয় আরণ্যকের নাটক 'রাঢ়াং'।
এছাড়া ১০ মে প্রাঙ্গণে মোরের ‘শ্যামাপ্রেম’, ১১ মে মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘শিখণ্ডী কথা’, ১২ মে গলাচিপা থিয়েটার এর ‘জমিদার দর্পণ’, ১৩ মে বরিশাল নাটকের ‘প্রাগৈতিহাসিক’ এবং বরগুনা থিয়েটারের‘পেজগী’, ১৪ মে সুবচন নাট্য সংসদের ‘মহাজনের নাও’, ১৫ মে সাহসিকের ‘ওরা কদম আলী’, ১৬ মে থিয়েটার আর্ট ইউনিটের ‘কোর্ট মার্শাল’ ও ১৭ মে ‘আমিনা সুন্দরী’ এবং ১৮ মে গণায়ন নাট্য সম্প্রদায় (চট্রগ্রাম) পরিবেশন করবে ‘কমরেডস হাত নামান’ ।
১৯ মে নাট্যম রেপার্টরির এর নাটক ‘দমের মাদার’ মঞ্চায়নের মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটবে।
নাটক শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৭টায়।
