২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয়বারে ‘কবুল’

লন্ডনভিত্তিক আইনজীবী আমাল আলামুদ্দিনের সঙ্গে সম্পর্ক গড়তে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে অস্কারজয়ী অভিনেতা জর্জ ক্লুনিকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 04:00 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

এক সূত্রের বরাত দিয়ে ই-অনলাইন লিখেছে, ব্যস্ততার অজুহাতে ক্লুনির সঙ্গে ডেইটে যাওয়ার প্রস্তাব দুবার ফিরিয়ে দেন আলামুদ্দিন। অবশেষে তৃতীয়বারে ‘ওশেনস’ তারকার সঙ্গে নৈশভোজে যেতে রাজি হন তিনি।

সেই সূত্র আরও বলছে, ‘অবহেলায় আগ্রহ বাড়বে’ রীতি অনুসরণ করেছিলেন তুখোড় এই আইনজীবী। আর সেই টোপ ভালোই গিলেছেন ‘ব্যাটম্যান’।  

দুবার পিপল ম্যাগাজিনের ‘সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’ খেতাব জেতা ক্লুনির তারকাখ্যাতিকে খুব একটা আমলে নেন না আমালুদ্দিন। আর ভবিষ্যৎ স্ত্রীর এই বিষয়টিই সবচেয়ে বেশি আকৃষ্ট করে মার্কিন এই অভিনেতাকে। 

অনামিকায় আংটি পরিয়ে দিলেও এহেন আমালুদ্দিনকে খুশি রাখাটা খুব একটা সহজ কম্ম নয়।  চিন্তা নেই, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এক ব্রিটিশ আইনজীবী। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে #MarriedtotheBar- হ্যাশট্যাগ তিনি বিনামূল্যে পরামর্শ দিচ্ছেন  ক্লুনিকে। 

৩৬ বছর বয়সী আলামুদ্দিনের জন্ম লেবাননে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষে এখন লন্ডনে আইনজীবী হিসেবে কাজ করছেন তিনি।

২০১১ সালে উইকিলিকসের প্রধান জুলিয়ান অ্যাসাঞ্জের পক্ষ নিয়ে আইনি লড়াই লড়েছিলেন আলামুদ্দিন। কাজ করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের উপদেষ্টা হিসেবে।

১৯৮৯ সালে অভিনেত্রী তালিয়া বেলসামকে বিয়ে করেছিলেন ৫২ বছর বয়সী ক্লুনি, ১৯৯৩ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর ক্লুনির জীবনে অনেকে এলেও কারও সঙ্গেই সম্পর্ক টেকেনি।

২০১১ সাল থেকে অভিনেত্রী ও মডেল স্টেইসি কিবলারের সঙ্গে প্রেম করেছিলেন এই অভিনেতা, ২০১৩ সালের জুলাইয়ে তাদের সম্পর্ক ভেঙে যায়।