রানির উপর দেবশ্রীর অভিমান
আদুরে ভাগ্নির বিয়েতে অনেক পরিকল্পনাই হয়ত ছিল। কিন্তু ঘটনাটা জানতে হল খবরের কাগজ পড়ে। বৃহস্পতিবার ক্ষোভের কথা সাংবাদিকদের জানান রানি মুখার্জির মাসি অভিনেত্রী দেবশ্রী রায়।
আদিত্য চোপড়া ও রানি মুখার্জির বহুল-আলোচিত বিয়ে সম্পর্কে জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেত্রীর খোলাখুলি মন্তব্য ছাপা হয় আনন্দবাজার পত্রিকায়।
“ভাবতে পারিনি রানির বিয়ের খবরটা খবরের কাগজ পড়ে, টিভি দেখে জানতে হবে। বিয়ের আগের দিন দাদাকে কৃষ্ণাদি (কৃষ্ণা মুখার্জি, দেবশ্রী রায়ের বোন, রানি মুখার্জির মা) ফোনে জানাল, কাল রানির বিয়ে। তারপর দিন আবার ফোন করে বলল বিয়ে হয়ে গেল। বাহ! এতদিনের সম্পর্ক শেষ পর্যন্ত এই?”
লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দেবশ্রী রায়। প্রচারণায় গেলে সাংবাদিকরা রানির আদ্যোপান্ত জানতে চাইবেন এটাই স্বাভাবিক।
উদ্বিগ্ন দেবশ্রী বলেন, “প্রচারে গিয়ে যদি কেউ রানির ব্যাপারে জানতে চায়, কী বলব আমি? আমার দিকটা একবারও ভাবল না? ওকেও তো মিডিয়া ফেইস করতে হয়।”
"ভাবল না, মাসিকে কেউ জানতে চাইলে কী উত্তর দেবে? আরে আমাকেও তো একডাকে সকলে চেনে রে বাবা। আমিও তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া অভিনেত্রী।”
যদিও এতকিছুর পরও রানি তার কাছে প্রিয় ‘বোনঝি’ হয়ে থাকবে বলে জানান দেবশ্রী।
স্মৃতিকাতর দেবশ্রী বলেন, জন্মের পর নার্সিংহোমে এক পাঞ্জাবি বাচ্চার সঙ্গে পাল্টে গিয়েছিলেন রানি। সেই পাঞ্জাবি মা আবার রানিকে ছাড়তেই চাননি। ছোটবেলায় তাই ভাগ্নিকে ‘পাঞ্জাবি মেয়ে’ বলে খেপাতেন তিনি।
শেষপর্যন্ত পাঞ্জাবি ছেলের ঘরণীই হলেন রানি। গত ২১ এপ্রিল ইতালিতে পরিচালক-প্রযোজক আদিত্য চোপড়া ও রানি মুখার্জির আকস্মিক ও নিভৃত বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
