২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই: সুস্মিতা

সাবেক বিশ্বসুন্দরী এবং অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সাবেক মিস উইনিভার্স ও বলিউডি অভিনেত্রী সুস্মিতা সেনের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই। সুস্মিতা নিজেই এ মন্তব্য করেছেন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 05:12 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

সুশ এবং অ্যাশের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে টিনসেলে অনেকদিন ধরেই গুজব চলছে। তবে সম্প্রতি জি মিডিয়া ব্যুরোর সঙ্গে এক সাক্ষাৎকারে এই গুজবকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সুশ।

তিনি জানান, ঐশ্বরিয়ার সঙ্গে তার কোনো ঝামেলা নেই; বরং তিনি অ্যাশের সঙ্গে কাজ করতে চান।

এদিকে দীর্ঘদিন বলিউড থেকে দূরে থাকার পর নবাগত পরিচালক প্রহ্লাদ কক্করের ‘হ্যাপি অ্যানিভার্সারি’ সিনেমার মধ্য দিয়ে অভিনয়ে ফিরছেন বচ্চন বধূ। ওই একই সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছেন সুস্মিতাও।

সুশ বলেন, “অ্যাশের সঙ্গে কখনও খুব বেশি ঘনিষ্ট সম্পর্ক গড়ে ওঠেনি। তাই তাকে আমি বন্ধু বলি না। কিন্তু যতটুকু জানি, আমি মনে করি মানুষ হিসেবে তিনি অসাধারণ। আমাদের দুজনের কর্মজীবন একসঙ্গে শুরু হলেও আমরা দুজন দুধরনের কাজ বেছে নিয়েছিলাম। আর তাই আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।”

১৯৯৪ সালে একই সঙ্গে ‘মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সুস্মিতা এবং ঐশ্বরিয়া। ওই প্রতিযোগিতায় সুস্মিতা অ্যাশকে পিছনে ফেলার পর থেকে তারা হয়ে ওঠেন একে অপরের প্রতিদ্ব›দ্বী। পরবর্তীতে একই সঙ্গে মিস ইউনিভার্স এবং  মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন ওই দুই ভারতীয় সুন্দরী। তবে সম্প্রতি সুশ জানালেন প্রতিদ্ব›দ্বী নন বরং একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা দুজন।

গৌরাঙ্গ দোশির ‘হ্যাপি অ্যানিভার্সারি’ সিনেমায় জুটি বাঁধছেন বাস্তবজীবনের দম্পতি অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া।

২০১১ সালে মেয়ে আরাধিয়ার জন্মের পর দীর্ঘ বিরতি নিয়ে এ সিনেমার মধ্য দিয়ে বলিউডে ফিরবেন অ্যাশ। ওই সিনেমাতে একটি চরিত্রে সুস্মিতাকেও দেখা যাবে এমনটাই জানা গেছে।

অ্যাশের মতো অভিনয়ে সাফল্য অর্জন করতে পারেননি সুস্মিতা। কিন্তু সাবেক ভারতীয় বাঙালি মিস ইউনিভার্সের ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। আর তাই অনেকেই প্রতীক্ষায় আছেন তারও পর্দায় ফেরার।

‘হ্যাপি অ্যানিভার্সারি’ ছাড়াও মনি রত্নমের পরবর্তী থ্রিলার সিনেমাতেও কাজ করার প্রস্তাব পেয়েছেন অ্যাশ। তবে এখনও কোনো কিছুই পাকাপাকিভাবে জানা যায়নি।

‘হ্যাপি অ্যানিভার্সারি’ সিনেমাটির শুটিং শীঘ্রই শুরু হবে। জানা গেছে দক্ষিণ আফ্রিকায় শুটিং হবে সিনেমাটির।