মঞ্চে ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’
জীবনে যতই শোক, হতাশা, ব্যর্থতা থাকুক-- তবু আত্মহত্যা কাম্য নয়। জীবন অপার সম্ভাবনাময়। জীবন-মৃত্যুর দ্বন্দ্বে তাই শেষপর্যন্ত ঘোষিত হয় জীবনের জয়। এই জীবনের গল্পই শোনালেন রুবাইয়াৎ আহমেদ ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’ নাটকে।
মার্কিন সাংবাদিক লুইজি ব্রায়ান্টের লেখা ‘দ্য গেইম’ নাটককে ভাষান্তর করেছেন রুবাইয়াৎ। নাটকটির নির্দেশনাও দিয়েছেন তিনি।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমবারের মতো মঞ্চায়িত হল ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’। এই নাটকটির মাধ্যমে আত্মপ্রকাশ করল ‘তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র’।
প্রয়াত চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ স্মরণে তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠিত হয় চলতি বছরের ৫ জানুয়ারি। নাট্যপ্রযোজনার পাশাপাশি নাটক ও চলচ্চিত্রবিষয়ক কর্মশালা পরিচালনা, চলচ্চিত্র প্রদর্শনী, সৃজনশীল লেখকদের রচনা থেকে পাঠচক্রসহ সাংস্কৃতিক উন্নয়ন, সৃজনশীল অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’ তাদের প্রথম প্রযোজনা।
অনুষ্ঠানের শুরুতেই তারেক মাসুদের সহোদর এবং তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ও প্রযোজনা অধিকর্তা হাবিবুর রহমান মাসুদ স্বাগত বক্তব্য রাখলেন। তার আহ্বানে মঞ্চে এলেন রুবাইয়াৎ। জানালেন, এটি তার নির্দেশিত প্রথম নাটক।
তারপর সংগঠনটির এবং নাটকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলেন নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ। তিনি তারেক মাসুদের জীবন ও কর্মের স্মৃতিচারণ প্রসঙ্গে বললেন, “তারেক মাসুদের জীবন মৃত্যুকে অতিক্রম করার সক্ষমতা দেখিয়েছে।”
‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’ নাটকের কাহিনি আবর্তিত হয়েছে মূলত জীবন ও মৃত্যুর খেলাকে কেন্দ্র করে। জীবন ও মৃত্যুর যে নিরন্তর দ্বন্দ্ব তাতে জীবনেরই জয়গান ঘোষিত হয়। মানুষের মৃত্যু হতে পারে কিন্তু তার চেতনার মৃত্যু নেই। কিন্তু আত্মহত্যাই একমাত্র মৃত্যু যেখানে মানুষের জীবনবোধ ও বেঁচে থাকার তীব্র ইচ্ছা পরাজিত হয়।
এতে দেখা যাবে, এক তরুণ কবি ও তরুণী নৃত্যশিল্পী আত্মহত্যার জন্য একই স্থানে আসে। সেখানে তাদের নিয়ে খেলায় মেতে ওঠে দুই অতিলৌকিক চরিত্র জীবন ও মৃত্যু। জীবন চায় তাদের বাঁচাতে আর মৃত্যু নিতে চায় ছিনিয়ে। নানা ঘটনার মধ্য দিয়ে জয়ী হয় জীবন। আর তরুণ-তরুণী পায় কাঙ্ক্ষিত মানুষের সন্ধান। তারা ভালোবাসে একে অপরকে। তারা বেঁচে থাকার সিদ্ধান্ত নেয়।
নাটকের কুশীলবরা সকলেই ছিলেন নতুন এবং তারা মঞ্চে নামলেন প্রথমবারের মতো। মৃত্যু চরিত্রের অন্যতম অভিনেতা চন্দন বোসের অভিনয় এবং মঞ্চে তার সার্বিক পারফরমেন্স অত্যন্ত সাবলীল হলেও অন্যদের অভিনয়ে কিছুটা জড়তা ছিল, যা পরবর্তীতে হয়ত অতিক্রম করতে পারবে দলটি। চিন্ময়ী গুপ্তার অভিনয়, পোশাক পরিকল্পনা ও কোরিওগ্রাফি চমৎকার। চন্দন চৌধুরীর সংগীত পরিকল্পনা এবং ওয়াসিম আহমেদের আলোক নির্দেশনা ছিল যথাযথ। রুবাইয়াৎ আহমেদের নির্দেশনা প্রশংসার দাবিদার। আর তার মঞ্চ সজ্জার প্রশংসা না করে পারা যায় না। বিশেষ করে জীবন মৃত্যুর দ্বন্দ্ব ও জীবনের দোলাচল ও অনিশ্চয়তা বোঝাতে মঞ্চে একটি বৃহৎ গোলকের ব্যবহার ছিল অসাধারণ।
নাটকের প্রারম্ভে জীবনানন্দের ‘আট বছর আগে একদিন’ কবিতার ব্যবহারও ছিল চমৎকার।
রুবাইয়াৎ গ্লিটজকে বলেন, “জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই ভাষান্তরের জন্য বেছে নেওয়া হয়েছে এই নাটক।”
তিনি জানালেন, ১৯১৬ সালে ‘দ্য প্রোভিন্সটাউন প্লেস’-এ ‘দ্য গেইম’ সর্বপ্রথম প্রকাশিত হয়। সেখান থেকেই পুনর্মুদ্রিত ইন্টারনেট সংস্করণ থেকে নাটকটি নেওয়া হয়েছে। বাংলা রূপান্তরে নাম দেওয়া হয়েছে ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা|
চলতি বছর ১১ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকের কারিগরি মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছিল।
প্রায় এক শতাব্দী আগে লেখা হলেও এখনও দারুণ প্রাসঙ্গিক এই নাটক। নাট্যকার লুইজি ব্রায়ান্টের নিজের জীবনে অস্থিরতা, বেদনা, উত্থানপতন ও ট্র্যাজিডি থাকলেও তিনি শেষ পর্যন্ত যেমন স্বে^চ্ছা মৃত্যুকে বেছে নেননি। তেমনি এ নাটকেও স্বে^চ্ছা মৃত্যুর বিপরীতে জীবনের জয় ঘোষণা করা হয়েছে। নাটকটি দেখার পর দর্শককে বলতেই হয়, সত্যিই বেঁচে থাকার মতো সুন্দও আর কিছুই নয়।
