২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কফি উইথ কারান’-এ আসছেন না শাহরুখ

প্রযোজক-পরিচালক কারান জোহরের টিভি টক শো ‘কফি উইথ কারান’-এর চলতি সিজনে আসছেন না শাহরুখ খান। টক শোটির প্রথম তিন সিজনেই অতিথি হিসেবে এসেছিলেন শাহরুখ।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 04:15 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

চতুর্থ সিজন শেষ হতে চলা কফি উইথ কারানের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে শাহরুখ আসবেন না বলে নিশ্চিত করেছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। গোপন এক সূত্রের বরাত দিয়ে টক শোটির চতুর্থ সিজনে শাহরুখের অনুপস্থিতি নিশ্চিত করেছে সংবাদমাধ্যমটি।

শাহরুখ খানের সঙ্গে কারান জোহারের বন্ধুত্ব অনেক বছরের পুরনো। কফি উইথ কারানের প্রথম দুই কিস্তির প্রথম এপিসোডেই অতিথি হিসেবে ছিলেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা। প্রথমবার শাহরুখের সঙ্গে ছিলেন কাজল, আর দ্বিতীয়বার সঙ্গে ছিলেন কাজল ও রানি মুখার্জি।

টক শোটির তৃতীয় সিজনে শাহরুখ এসেছিলেন একাই। দীর্ঘসময় কারান জোহারের সঙ্গে আড্ডা দিয়েছিলেন ব্যক্তিগত আর ক্যারিয়ারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে। কারানের শোতে শাহরুখের না আসার বিষয়টি টিনসেলে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকে এটিকে তাদের বন্ধুত্বে ভাঙনের সূত্রপাত বলে ইঙ্গিত করেছেন।

কফি উইথ কারানের চতুর্থ সিজন টেলিভিশনে প্রচার হচ্ছে ২০১৩ সালের ডিসেম্বর থেকে। প্রথম এপিসোডে একক অতিথি হিসেবে ছিলেন সালমান খান। টক শোটিতে সেটি ছিল সালমানের প্রথম উপস্থিতি।

এদিকে এপ্রিলের প্রথম রোববার প্রচার করা হবে কফি উইথ কারানের চতুর্থ সিজনের শেষ সেলিব্রিটি এপিসোড। অতিথি হিসেবে থাকবেন আলিয়া ভাট এবং পরিনীতি চোপড়া। চলতি সিজনে এই নিয়ে দ্বিতীয়বারের মতো হাজির হচ্ছেন আলিয়া ভাট। এর আগে তিনি এই শোতে এসেছিলেন ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমায় তার সহঅভিনেতা ভারুন ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে।

সিজনের সর্বশেষ এপিসোডে থাকবেন না কোনো সেলিব্রেটি অতিথি। বরং পুরো সিজনের স্মরণীয় ঘটনা নিয়ে তৈরি হবে ‘বেস্ট অফ কফি উইথ কারান’ শিরোনামের এপিসোড।