২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যামলেটের ভূমিকায় কাম্বারব্যাচ

টিভি সিরিয়াল ‘শার্লক’ দিয়ে বিশ্ব মাতানোর পর আবারও মঞ্চে ফিরছেন ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 05:37 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

২০১৫ সালের গ্রীষ্মে লন্ডনের বারবিকান থিয়েটারের ‘হ্যামলেট’ নাটকে নামভূমিকায় অভিনয় করবেন তিনি।

কন্টাক্টমিউজিক জানায়, অগাস্ট মাস থেকে অক্টোবর পর্যন্ত ১২ সপ্তাহ ধরে চলবে এই নাটকের প্রদর্শনী।

পরিচালক লিন্ডসি টার্নার নাটকটি পরিচালনা করবেন,  প্রযোজনা করবেন সোনিয়া ফ্রিডম্যান।

ফ্রিডম্যানের মতে, এই প্রজন্মের সবচেয়ে সেরা অভিনেতাদের মধ্যে একজন হলেন কাম্বারব্যাচ।

অভিনেতা হিসেবে কাম্বারব্যাচের প্রশংসা করে ফ্রিডম্যান বলেন, “টার্নার এবং কাম্বারব্যাচের সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই উত্তেজিত। আমরা সবাই খুবই আনন্দিত কারণ বারবিকান থিয়েটার কর্তৃপক্ষ আমাদের মঞ্চে নাটকটি প্রদর্শন করার সুযোগ দিয়েছেন।”

এর আগে ২০১১ সালে ড্যানি বয়েলের পরিচালনায় ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’ নাটকে কাজ করেছিলেন কাম্বারব্যাচ। দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে ফিরছেন তিনি।

বিবিসির টিভি সিরিজ ‘শার্লক’-এ অভিনয় করে জনপ্রিয়তা পাওয়ার পর থেকে হলিউডে নিয়মিত অভিনয় করেন কাম্বারব্যাচ। ‘স্টার ট্রেক: ইনটু দ্য ডার্কনেস’, ‘দ্য ফিফথ এস্টেট’, ‘টুয়েলভ ইয়ার্স এ ¯েøভ’ এবং ‘হবিট’ সিরিজের মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

তবে রূপালি পর্দায় অভিনয়ের পাশাপাশি মঞ্চেও নিয়মিত কাজ করতে চান কাম্বারব্যাচ। বিশেষ করে হ্যামলেটের চরিত্রে অভিনয় করার ইচ্ছা তার অনেকদিনের।

২০১২ সালে ইন্ডিপেনডেন্ট পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি মঞ্চে শীঘ্রই ফিরতে চাই, আশা করছি হ্যামলেটের ভূমিকায় ফিরব। বহুদিন ধরেই এই চরিত্রে আমি অভিনয় করতে চাই।”

ব্রিটিশ এই অভিনেতা এখন কাজ করছেন গ্যারি ওল্ডম্যানের সিনেমা ‘ফ্লাইং হর্স’-এ; এছাড়াও কণ্ঠ দেবেন অ্যানিমেশন মুভি ‘পেঙ্গুইনস অফ মাদাগাস্কার’-এ।

২০১৪ সালে মুক্তি পাবে কাম্বারব্যাচ অভিনীত ‘দ্য লিমিটেশন গেইম’।