২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচীর গণসংগীত উৎসব

উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত পঞ্চম ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা ২০১৪’-এর চূড়ান্ত অনুষ্ঠান শুক্রবার সকাল থেকে শুরু হচ্ছে।এবারের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গণসংগীতশিল্পী কামরুদ্দিন আবসার এবং অতিথি শিল্পী হিসেবে আসছেন ভারতের পশ্চিমবঙ্গের লোকসংগীত গবেষক ও শিল্পী শুভেন্দু মাঁইতি।

চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 04:48 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান হয়, এবারের উৎসবের স্লোগান- ‘অসুর বিনাশী সুরের আগুন ছড়িয়ে দাও সবখানে’।

ইতোমধ্যে জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে দেশের আটটি বিভাগীয় পর্যায়ের (ঢাকা পূর্ব ও পশ্চিমসহ) প্রতিযোগিতা সম্পন্ন হয় ২১ মার্চ। উদীচীর ৩০০ শাখা সংগঠনের সদস্যসহ অনেকেই অংশ নেন এই প্রতিযোগিতায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উৎসব প্রস্তুতি কমিটির আহবায়ক ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শংকর সাঁওজাল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “দেশের প্রতিটি গণআন্দোলন এবং সমাজ প্রগতির লড়াইয়ে গণসংগীত অনুপ্রেরণার উৎস হিসেবে ভূমিকা রেখেছে। মুক্তিকামী মানুষের আবেগ, উদ্বেগ, বিক্ষোভ আর সৃজনশীলতার সুতীক্ষ্ণ অস্ত্র হচ্ছে গণসংগীত।”

২৮ মার্চ বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। অনুষ্ঠানে ভারতের লোকসংগীত গবেষক ও শিল্পী শুভেন্দু মাঁইতিসহ আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ, সংগীত পরিচালক, শিল্পী ও সংগঠকবৃন্দ।

শিল্পকলা একাডেমিতে জাতীয় পর্যায়ের চুড়ান্ত প্রতিযোগিতার শুরু হবে ২৮ মার্চ সকাল ১০টায়। ২৯ মার্চ বিকাল ৫টায় শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালা। দ্বিতীয় দিনের অনুষ্ঠানেও উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতিবৃন্দসহ বর্তমান সংগঠক ও শিল্পী উপস্থিত থাকবেন। জাতীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হবে একইদিন সন্ধ্যায়।

প্রতিদিন বিকাল থেকে দেশের খ্যাতনামা গণসংগীত দল ও একক শিল্পীদের পরিবেশনা থাকবে। চারণ গণসংগীত শিল্পী ও উদীচী কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য সিদ্দিক মোল্লার গানের সিডি ‘গরিব দুঃখীর আপন কেহ নাই’-এর মোড়ক উন্মোচন করা হবে দ্বিতীয় দিন।

শংকর সাঁওজাল আরও জানান, উৎসবকে ঘিরে অতিথি শিল্পী শুভেন্দু মাঁইতির একক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ৩০ মার্চ সন্ধ্যায়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উদীচীর অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদু, সাধারণ সম্পাদক প্রবীর সরদার, সহসাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন ও অমিত রঞ্জন দে উপস্থিত ছিলেন।

দেশের সর্বস্তরের মানুষের মাঝে গণসংগীতকে ছড়িয়ে দেওয়া এবং গণসংগীতের প্রচার ও প্রসারের লক্ষে উদীচীর প্রতিষ্ঠাতা সভাপতি সত্যেন সেনের জন্মদিবস উপলক্ষে প্রতিবছর ২৮ ও ২৯ মার্চ এই উৎসব আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

উদীচীর গণসংগীত প্রতিযোগিতা ও উৎসব