স্বাধীনতা দিবসে ‘আলোছায়া’
স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘আলোছায়া’-র প্রধান চরিত্রে অভিনয় করছেন অপূর্ব ও রিচি সোলায়মান। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
নাটকে অপূর্ব ও রিচি অভিনীত চরিত্র দুটোর নাম রাশেদ চৌধুরী ও অপরাজিতা।
নাটকটির গল্প এগিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদ চৌধুরী (অপূর্ব) এবং সুইডেন প্রবাসী বাঙালি নারী অপরাজিতাকে (রিচি সোলায়মান) ঘিরে।
রাশেদের সঙ্গে ফেইসবুকে পরিচয় ঘটে অপরাজিতার।
কথাপ্রসঙ্গে অপরাজিতা জানায়, ১৯৭১ সালের যুদ্ধশিশু অপরাজিতাকে দত্তক নেয় সুইডিশ দম্পতি। রাশেদ অপরাজিতাকে জানায়, মাকে খুঁজতে সাহায্য করবে সে। অপরাজিতা বাংলাদেশে এসে মায়ের খোঁজ করে। কিন্তু মায়ের কাছে পৌঁছানোর আগে মারা যায় তার মা। অপরাজিতা ফিরে যেতে চায় সুইডেনে। তখন রাশেদ জানায়, অপরাজিতার মায়ের মতো তার মাও নির্যাতনের স্বীকার হয়েছে যুদ্ধে।
এ নাটকে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, পারভীন সুলতানা দিতি এবং মুনিয়া ইসলাম।
‘আলোছায়া’ চয়নিকার নির্মিত পঞ্চম মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। এর আগে তিনি আরও চারটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক নির্মাণ করেছিলেন। এগুলো হল ‘একলা চলো রে’, ‘মায়া’, ‘চলমান ছবি’ এবং ‘তোমার পরে ঠেকাই মাথা’।
নাটকটি বুধবার রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হবে।
