স্বাধীনতা দিবসে শিল্পকলার আয়োজন
স্বাধীনতা দিবস উপলক্ষে দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়নের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এতে আরও বক্তব্য রাখবেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ এবং নাট্যকার, নির্দেশক মান্নান হীরা।
এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় মান্নান হীরা নির্দেশিত নাটক ‘রাজারবাগ’ এবং সন্ধ্যা ৭টায় মামুনুর রশীদ নির্দেশিত ‘টার্গেট প্লাটুন’ নামে দুটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মঞ্চস্থ হবে। ‘টার্গেট প্লাটুন’ নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির রেপার্টরি প্রযোজনা।
বুধবার বিকাল ৫টায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক ‘যুদ্ধপুরাণ’। মুক্তিযুদ্ধকালীন মিরপুর জল্লাদখানার কাহিনি অবলম্বনে নাটকটি নির্দেশনা দিয়েছেন আনিসুল হক বরুণ। ২০ মিনিট দৈর্ঘ্যের এ নাটক একই দিনে আরও ৫ বার মঞ্চস্থ হবে।
সন্ধ্যা ৬টা ৩০মিনিটে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি ও সংসদ সদস্য কর্নেল (অব.)শওকত আলী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শহীদ তনয়া ডা. নুজহাত চৌধুরী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইবেন শাকিলা জাফর, সাঈদুর রহমান বয়াতি ও তার দল, শিশুশিল্পী সজীব ও প্রতিবন্ধী শিল্পী মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে আরও গাইবে ব্যান্ডদল কৃষ্ণকলি।
এতে আবৃত্তি করবেন শিল্পী আহকামউল্লাহ এবং ঝর্ণা সরকার।
অনুষ্ঠানে সমবেত নৃত্য পরিবেশন করবে ধৃতি নর্তনালয় এবং স্পন্দন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে মারমা সম্প্রদায় ছাতা নৃত্য, তঞ্চঙ্গ্যা সম্প্রদায় পাতিল নৃত্য এবং বম সম্প্রদায় বাঁশ নৃত্য পরিবেশন করবে।
সবশেষে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি পরিবেশন করবে নৃত্যালেখ্য ‘বঙ্গে ওরা কে হে’। এতে পারফর্ম করবেন ভাস্বর বন্দোপাধ্যায় এবং কৃষ্টি হেফাজ।
