২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা হচ্ছেন না বিদ্যা

সহসা মা হচ্ছেন না অভিনেত্রী বিদ্যা বালান। স্বামীর সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। ছুটি থেকে ফিরে কাজ শুরু করবেন ।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2014, 06:57 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

গর্ভবতী হওয়ার গুজবকে উড়িয়ে দিয়ে নতুন সিনেমায় অভিনয়ের জন্য রাজি হয়েছেন বিদ্যা।

মুম্বাই মিরর জানায়, ‘কাহানি’ খ্যাত নির্মাতা সুজয় ঘোষের সিনেমা থেকে নাম কাটিয়ে নিলেও মোহিত সুরির সিনেমা ‘হামারি আধুরি কাহানি’তে অভিনয়ের জন্য রাজি হয়েছেন তিনি।

আপাতত স্বামী সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে ছুটি কাটাতে আমেরিকায় আছেন এই অভিনেত্রী। এরই মধ্যে ১৮ মার্চ কিছু সময়ের জন্য মুম্বাই এসেছিলেন তিনি। তখন ‘হামারি আধুরি কাহানি’র প্রযোজক মহেশ ভাটের সঙ্গে সিনেমাটি নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন বিদ্যা।

এখনও চুক্তি স্বাক্ষর না করলেও কাজ করার জন্য রাজি হয়েছেন তিনি।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, আপাতত কয়েকদিন কাজ থেকে বিরতি নিয়ে স্বামীর সঙ্গে সময় কাটাবেন এই অভিনেত্রী। আমেরিকা থেকে স্বামীর সঙ্গে তিনি যাবেন অস্ট্রেলিয়ার সিডনিতে, এক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে। এরপর যাবেন দিল্লি, যেখানে তাকে দেওয়া হবে ‘পদ্মশ্রী’ পদক।

ছুটি শেষে বিদ্যা মুম্বাই ফিরবেন ৩ এপ্রিল। আর তখন মহেশ ভাটের সঙ্গে দেখা করে সিনেমাটির চুক্তি স্বাক্ষর করবেন।

বিদ্যার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, এই ছুটিতে বিদ্যা সময় কাটাবেন বই পড়ে। রান্না শিখবেন এবং ব্যায়ামও করবেন।

সূত্রটি আরও জানায়, সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনে নিয়মিত কাজ করবেন বিদ্যা। সম্প্রতি একটি বিজ্ঞাপনে কণ্ঠ দেওয়ার কাজ শেষ করেছেন তিনি, চুক্তিবদ্ধ হয়েছেন একটি বড় বিজ্ঞাপনের কাজে। এই বিজ্ঞাপনটির জন্য তাকে কয়েকদিন দেশের বাইরে গিয়ে কাজ করতে হতে পারে।

নিজের আগের বাড়িটি নতুন করে সাজাতে চান বিদ্যা। স্বামীর বাড়িতে ওঠার পর ঐ বাড়ির পেছনে তেমন সময় দিতে পারেননি তিনি, জানিয়েছে সূত্র।

এদিকে সিনেমার শুটিং শুরু করার জন্য কোনো তাড়া নেই মহেশ ভাটের। কারণ এই সিনেমার নায়ক এমরান হাশমি এখন ব্যস্ত আছেন ছেলের চিকিৎসার কাজে।

মহেশ বলেন, “সিনেমাটির কিছু অংশ শুটিং করা হবে মধ্যপ্রাচ্যে, বছরের যে কোনো সময় ওখানে শুটিং করা সম্ভব নয়। এমরান এখন তার ছেলের চিকিৎসা করাচ্ছেন। এরপর তিনি ‘মিস্টার এক্স’ সিনেমার শুটিং শেষ করবেন, আর তখনই আমরা কাজ শুরু করব।”

'জাগগা জাসুস’ সিনেমায় অভিনয়ের সময় দেহের ওজন বাড়িয়েছিলেন বিদ্যা বালান। এরপর নির্মাতা সুজয় ঘোষের সিনেমায় অভিনয়ের কথা থাকলেও শেষমেশ অভিনয় করেননি তিনি। বরং কাজ থেকে বিরতি নিয়ে চলে গেছেন ছুটি কাটাতে।

আর তখনই শুরু হয় গুঞ্জন, হয়তো মা হবেন বিদ্যা। এখন এই ধারণাকে ভুল প্রমাণ করে ছুটি শেষে ফিরে কাজ শুরু করবেন এই অভিনেত্রী।

দীর্ঘদিন ধরে প্রেম করার পর ২০১২ সালে ‘ওয়াল্ট ডিজনি ইন্ডিয়া’ কোম্পানির প্রধান সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বিদ্যা ।