এক সিনেমায় অমিতাভ-সাইফ
ক্লাসিক উপন্যাস ‘দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো’র ভারতীয় সংস্করণে নির্মিত সিনেমায় একসঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চন এবং সাইফ আলী খানকে।
ফরাসি লেখক আলেকজান্ডার দুমার ১৮৪৪ সালের উপন্যাস ‘দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো’ অবলম্বনে এই সিনেমাটি নির্মাণ করবেন দুই পরিচালক আব্বাস-মাস্তান। এটি প্রযোজনা করবেন আজুর এন্টারটেইনমেন্টের সুনীল খেতারপাল।
অ্যাডভেঞ্চার ধাঁচের এই সিনেমার কাহিনি গড়ে উঠবে প্রতারণার শিকার এক ব্যক্তিকে নিয়ে, যিনি গুপ্তধনের খোঁজে বের হন।
এক সূত্রের বরাতে মিরর জানায়, এখানে একজন ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করবেন সাইফ। তার সঙ্গে দেখা যাবে দুই নায়িকাকে। যাদের মধ্যে একজন হবেন সাইফের চেয়ে বয়সে ছোট, আরেকজন হবেন তার চেয়ে অন্তত ছয় বছরের বড়।
সিনেমায় অমিতাভকে দেখা যাবে এক পরিবারের কর্তা হিসেবে, যিনি একটি খুনের ঘটনার পর নানা রহস্যময় ঘটনায় জড়িয়ে পড়েন।
এই খবর নিশ্চিত করে প্রযোজক সুনীল বলেন, “আমরা আব্বাস-মাস্তানের সঙ্গে মিলে একটি প্রতিশোধমূলক ড্রামা ধাঁচের সিনেমা তৈরি করছি। এর নাম এখনও ঠিক হয়নি, তবে সিনেমাটি মুক্তি পাবে ২০১৫ সালে।”
নির্মাতা মাস্তান জানান, দুমার উপন্যাস থেকে হুবহু নেওয়া হবে না এর কাহিনি। সিনেমায় থাকবে ‘আব্বাস-মাস্তান’ স্টাইলের উত্তেজনা এবং অ্যাকশন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে সাইফকে এই সিনেমার কাহিনি শুনিয়েছেন তারা। সাইফ এতে কাজ করতে রাজি হয়েছেন।
আপাতত নতুন সিনেমা ‘হামশাকালস’-এর কাজে মরিশাসে ব্যস্ত আছেন সাইফ। মরিশাস থেকে ভারতে ফিরে শুরু করবেন এই সিনেমার কাজ।
আব্বাস-মাস্তানের সঙ্গে এর আগে বেশ কয়েকটি সিনেমায় সফলভাবে কাজ করেছেন সাইফ। ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘রেইস’ এবং ‘রেইস টু’-- আব্বাস-মাস্তানের সঙ্গে সাইফের যোগসূত্র প্রতিবারই বাণিজ্যিকভাবে সফল হয়েছে।
যদিও এই তিনটি সিনেমাতেই সাইফের সঙ্গে অভিনয় করেছেন আরেকজন নায়ক, কিন্তু এবার শুধুমাত্র সাইফকে নিয়ে কাজ করবেন এই পরিচালক ভ্রাতৃদ্বয়।
চলতি বছরের অক্টোবর মাসেই এই সিনেমার শুটিং শুরু করবেন, জানিয়েছেন নির্মাতারা।
এ বছর তিনটি সিনেমায় অভিনয় করছেন সাইফ। ‘হ্যাপি এন্ডিং’, ‘হামশাকালস’ এবং ‘ফ্যান্টম’। তবে কবে মুক্তি পাবে এই সিনেমাগুলো তা এখনও নিশ্চিত নয়।
