আবার শাহরুখ-ক্যাটরিনা?
নতুন সিনেমা ‘রাইস’-এ শাহরুখ খানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করতে পারেন ক্যাটরিনা কাইফ।
এটি হবে শাহরুখ-ক্যাটরিনা অভিনীত দ্বিতীয় সিনেমা।
মিডডেকে এক সূত্র জানায়, ‘রাইস’এ অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ক্যাটরিনাকে।
সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই ক্যাটরিনার সঙ্গে এই সিনেমার ব্যাপারে আলোচনা করা হচ্ছে। আর সর্বশেষ খবর অনুযায়ী ‘রাইস’-এ অভিনয় করতে রাজি হয়েছেন ক্যাটরিনা।
এর আগে তিনি শাহরুখের সঙ্গে ‘যাব তাক হ্যায় জান’ সিনেমায় কাজ করেছিলেন।
২০১২ সালে মুক্তি পাওয়া ওই সিনেমা বলিউডের ইতিহাসে সর্বকালের সেরা ব্যবসাসফল সিনেমার তালিকায় আছে।
অন্য সূত্র জানিয়েছে, হৃত্বিক রোশানের সঙ্গে ‘ব্যাং ব্যাং’ সিনেমায় অভিনয় করার পর ক্যাটরিনা শুরু করবেন ‘জাগগা জাসুস’-এর শুটিং। যেখানে তিনি অভিনয় করবেন তার বাস্তবজীবনের প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে।
চলতি বছরের শুরুর দিকে ‘জাগগা জাসুস’ সিনেমার শুটিং পিছিয়ে নেওয়া হয়েছে। যার ফলে এখন এই দুটি সিনেমা ছাড়া আর কোনো কাজ নেই ক্যাটরিনার হাতে।
তবে মিডডে পত্রিকা ক্যাটরিনার সঙ্গে যোগাযোগ করলে তিনি এই খবর অস্বীকার করেছেন। ‘রাইস’-এর নির্মাতা রাহুল ধোকালিয়াকে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এই সিনেমায় প্রথমবারের মতো ফারহান আখতারের সঙ্গে অভিনয় করার কথা ছিল শাহরুখের। এর আগে শাহরুখ অভিনীত ‘ডন’-এর পরিচালক হিসেবে কাজ করেছেন ফারহান, তবে একই সিনেমায় দুজনের অভিনয় এখনও দেখা যায়নি।
কিন্তু শেষ পর্যন্ত ফারহান জানান, শিডিউল না থাকায় এই সিনেমায় কাজ করতে পারবেন না তিনি। ফারহানের স্থানে অভিনয় করবেন নাওয়াজউদ্দিন সিদ্দিকি।
‘রাইস’-এ ফারহানের চরিত্রটি ছিল পুলিশ অফিসারের, যার জন্য প্রয়োজন একজন দক্ষ অভিনেতার। আর তাই তাড়াহুড়া করে কোনো ঝুঁকি নিতে চাননি ফারহান।
এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘রাইস’-এ একজন সন্ত্রাসীর ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ। সিনেমাটির শুটিং শুরু হবে চলতি বছরের মাঝামাঝি সময়ে।
‘রাইস’ মুক্তি পাবে ২০১৫ সালের ঈদ মৌসুমে।
