আমিরকে চান কঙ্গনা
ওয়াহিদা রহমান অভিনীত এমন কোনো সিনেমায় অভিনয় করতে চান কঙ্গনা রানাউত, যেখানে গুরু দত্তের চরিত্রে থাকবেন আমির খান।
এনডিটিভির কাছে সম্প্রতি কঙ্গনা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমিরের সঙ্গে সাদাকালো যুগের কোনো সিনেমায় অভিনয় করতে চান তিনি। যেখানে তিনি অভিনয় করবেন ওয়াহিদা রহমান অভিনীত চরিত্রে, আর আমির থাকবেন গুরু দত্তের ভূমিকায়।
কঙ্গনা আরও বলেন, ‘কুইন’-এর বক্স অফিস সাফল্য তার কল্পনার বাইরে ছিল। তবে বলিউডের দুই প্রতিভাবান অভিনেতা অমিতাভ বচ্চন এবং আমির খানের কাছ থেকে পাওয়া ‘প্রশংসামূলক চিঠি’ তাকে তেমন অবাক করেনি।
আগামী বছরের অ্যাওয়ার্ড মৌসুমে যে চলবে ‘কুইন’-এর রাজত্ব, তা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়। তবে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার পক্ষপাতী নন কঙ্গনা।
তিনি বলেন, “৫ ঘণ্টা ধরে যদি একটি অর্থহীন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বসে থাকি, তবে আমরা সিনেমায় কখন অভিনয় করব?”
অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘বয়কট’ করার জন্য বিখ্যাত আরেকজন শিল্পী হলেন আমির খান। এ বিষয়ে আমিরকে পুরোপুরি সমর্থন করেন কঙ্গনা।
আমিরের অভিনয়ের প্রশংসা করে কঙ্গনা ভবিষ্যতে তার সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন।
গত কয়েক বছরে গ্ল্যামারাস চরিত্রে অভিনয় করেও দর্শকের মন জয় করতে পারেননি এই অভিনেত্রী। পর্দায় থেকেও কেমন যেন হারিয়ে গিয়েছিলেন বলা চলে। এরপর ২০১৩ সালে মুক্তি পাওয়া সুপারহিরো মুভি ‘কৃষ থ্রি’তে কঙ্গনাকে সম্পূর্ণ ভিন্নরূপে দেখতে পায় দর্শক।
কঙ্গনা অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ‘কুইন’-এর বক্স অফিস সাফল্য এবং সমালোচকদের প্রশংসা তাকে আবার লাইম লাইটে নিয়ে এসেছে।
‘কুইন’কে নারীকেন্দ্রিক সিনেমা হিসেবে আখ্যায়িত করতে নারাজ কঙ্গনা। নারীপুরুষ নির্বিশেষে সব ধরনের দর্শক উপভোগ করছেন সিনেমাটি, নারীবাদী সিনেমাগুলোর ক্ষেত্রে যা সহজে দেখা যায় না।
কঙ্গনার মতে, ‘কুইন’ হল এমন মানুষের সিনেমা, যারা তাদের পরিবার এবং সমাজে বরাবরই অবহেলিত।
এদিকে বলিউডে এখন শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। খুব শীঘ্রই নাকি বিদ্যা বালানের স্থান দখল করবেন কঙ্গনা। মা হওয়ার কারণে বিদ্যা যাবেন দীর্ঘ বিরতিতে, আর তার বদলে নির্মাতা সুজয় ঘোষের সিনেমায় অভিনয় করবেন কঙ্গনা।
বলিউডে যেখানে নায়কদের প্রাধান্য বেশি থাকে আর নায়িকাদের উপস্থিতি শুধুমাত্র সৌন্দর্যকে তুলে ধরে, সেখানে ২৬ বছর বয়সী কঙ্গনার দাবি, নিজের অভিনীত সিনেমার মাধ্যমে দর্শকের সঙ্গে সরাসরি যোগসূত্র স্থাপন করতে পারেন তিনি।
কঙ্গনা বলিউডে পা রাখেন ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ সিনেমার মাধ্যমে। এরপর ২০০৮ সালে ‘ফ্যাশন’ সিনেমায় তিনি অভিনয় করেন একজন হতাশাগ্রস্ত ফ্যাশন মডেলের ভূমিকায়।
ওই সিনেমায় বাস্তবধর্মী অভিনয় তাকে এনে দেয় পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার।
অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লেখার জন্য সম্প্রতি নিউ ইয়র্কের এক ফিল্ম স্কুলে একটি বিশেষ কোর্স করেছেন কঙ্গনা। ‘কুইন’ সিনেমার সংলাপ লিখেছেন কঙ্গনা নিজেই।
একদিন পরিচালকের আসনেও বসতে চান কঙ্গনা। আগামী তিন বছরের মধ্যে একটি সিনেমা নির্মাণ করবেন বলেও আশা করেন তিনি।
